ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নতুন দল ম্যানচেস্টার সিটিকে প্রথম ম্যাচেই আভাস দিয়েছেন পুরো মৌসুমে দলকে কী দিতে পারেন সার্জিও আগুয়েরো।
সসেনা সিটির বিরুদ্ধে ৪-০ গোলের একচেটিয়া জয়ে দারুণ অবদান রাখেন আগুয়েরো। নিজে করেছেন দুটি আর তৈরি করে দিয়েছেন আরেকটি।
অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ক্লাব রেকর্ড ৬৪ মিলিয়ন ডলারে ম্যান সিটিতে চলতি মৌসুমে যোগ দিয়েছেন আর্জেন্টিনার এই স্ট্রাইকার।
খেলার ৬০ মিনিটের মাথায় বদলি হিসেবে নেমে নিজেকে চেনাতে বেশি সময় নেন নি তিনি। আট মিনিটের মাথায় আদায় করে নেন নিজের প্রথম গোল। আর নিজের দ্বিতীয় ও দলের পক্ষে চতুর্থ গোলটি করেন খেলার শেষ মিনিটে।
অবশ্য মাঠে নামার তিন মিনিট পরেই আনন্দের উপলক্ষ্য হয়ে উঠেন আগুয়েরো। গোল লাইন থেকে বল দেন পিছনে থাকা ডেভিড সিলভাকে। সহজ গোলের সুযোগ পেয়ে কাজে লাগাতে ভুল করেন নি সিলভা।
আগুয়েরোর জাতীয় দলের সতীর্থ কার্লোস তেভেজ খেলেন নি সোমবারের ওই ম্যাচে। ক্লাবের সমর্থকদের তোপের মুখে পড়েছেন তেভেজ। তবে মাঠে নেমেই তাদের মন জয় করে নিয়েছেন আগুয়েরো।
ম্যান সিটি টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে আগুয়েরো বলেছেন, "আমি সুখী। শুরুটা সত্যিই ভালো হয়েছে। সামনের দিনগুলোও এভাবেই খেলতে চাই। অল্প একটু খেলার সুযোগ পেয়েছি তবে সেটা উপভোগ করেছি।"
তিনি বলেন, "আমি দলকে সহায়তা করতে এসেছি। আশা করি পুরো মৌসুমেই তা করতে পারবো।"
কোপা আমেরিকা শেষ করে দলের সঙ্গে যোগ দেয়া আগুয়েরো এখনো ম্যাচ খেলার মতো পুরো সুস্থ নন বলে মনে করেন ম্যান সিটির কোচ রাবার্তো মানচিনি। সে কারণে প্রথম ম্যাচে ৩০ মিনিটের বেশি খেলা হয়নি তার।
আগুয়েরো বলেন, "তিনি আমার ব্যাপারে জানেন। ৩০-৩৫ মিনিট খেলা আমার জন্য ঠিকই আছে।"
রোববার বোল্টনের বিপক্ষে খেলবে ম্যান সিটি। ওই ম্যাচে তেভেজ খেলবেন বলে জানান মানচিনি। তবে, এখন আগুয়েরোকেই তার দলের বিশেষ প্রতিভা হিসেবে দেখছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৭৪৬ ঘ.
bdnews24