২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫-২ গোলে জেতা উচিত ছিল: অমলেশ

কণ্ঠে কোটি টাকা জয়ের পর তীব্র উচ্ছ্বাস আছে। তারপর কিছুটা আক্ষেপের সঙ্গে বললেন, টাইব্রেকারে না গড়িয়ে নির্ধারিত সময়ে ৫-২ গোলে জেতা উচিত ছিল তার দলের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2011, 04:08 PM

Updated : 24 Aug 2022, 03:42 PM

ঢাকা, অগাস্ট ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কণ্ঠে কোটি টাকা জয়ের পর তীব্র উচ্ছ্বাস আছে। তারপর কিছুটা আক্ষেপের সঙ্গে বললেন, টাইব্রেকারে না গড়িয়ে নির্ধারিত সময়ে ৫-২ গোলে জেতা উচিত ছিল তার দলের। শনিবার সুপার কাপের ফাইনালে মোহামেডানকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে সুপার কাপের শিরোপা মাথায় পড়ে আবাহনী। নির্ধারিত সময়ে খেলা ২-২ গোলে অমীমাংসিত ছিল। ২-০ গোলে পিছিয়ে পড়ার পর জেগে ওঠে ধানমন্ডির দলটি। দুই গোল ফেরত দিয়ে খেলায় ফেরে। তাদের অপর দুটি গোল বাতিল করা হয়। নিশ্চিত গোলের অসংখ্য সুযোগ নষ্ট করেছে দলটি। খেলা শেষে খেলোয়াড় ও সমর্থক পরিবেষ্টিত আবাহনী কোচ জোর গলায় জানালেন, "খেলা টাইব্রেকার পর্যন্ত যাবে ভাবিনি। ছেলেরা প্রচুর সুযোগ হাতছাড়া করেছে। নির্ধারিত সময় শেষে খেলার ফল ২-২ না হয়ে ৫-২ হলেই বেশি মানাতো।" "তারপরও আমার বিশ্বাস ছিল ছেলেরা টাইব্রেকারে হতাশ করবে না। বিশ্বাসের জয় হয়েছে। কোটি টাকা জিতেছে ছেলেরা। এ অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না," যোগ করেন অমলেশ। অন্যদিকে শিরোপার কাছে এসেও তা জিততে না পারায় হতাশ মোহামেডান। আবাহনীর চেয়ে কাগজে কলমে বেশ দুর্বল তারা। তারপরও শুরুতেই দুই গোলে এগিয়ে যায় শফিকুল হক মানিকের দল। কিন্তু গোলরক্ষকের মারাত্মক ভুলে ১০ জনের দলে পরিণত হয়। এরপর ঘুরে যায় খেলার মোড়। রক্ষণাত্মক কৌশলে খেলেও দুই গোল হজম করে তারা। অনেক কষ্টে ম্যাচ নিয়ে যায় টাইব্রেকারে। ভাগ্য পরীক্ষায় আর শেষ রক্ষা হয়নি সুপার কাপের প্রথম আসরের শিরোপা জয়ীদের। হারের পেছনে খেলা শেষে কোচ মানিকের রোষানলে পড়লেন গোলরক্ষক মোহাম্মেদ আল হাসান। মানিক বলেন, "আমি বুঝলাম না কি মনে করে হাসান আইদুকে (ইব্রাহিম) আঘাত করলো। ওর লাল কার্ডটাই ডুবিয়েছে। আসলে 'কপাল' খারাপ ছিল আমাদের। ১০ জন নিয়ে ১১ জনের সঙ্গে 'লড়াই' করা যায় না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২১৫৭ ঘ.