ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দেশের মানুষের মুখে হাসি ফোঁটাতে বাংলাদেশ জয়ের জন্য মাঠে নামবে বলে জানিয়েছেন অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য। আর দেশের মাটিতে জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না লেবাননের অধিনায়ক আব্বাস আতউই।
খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮ টায়। বিশ্বকাপ প্রাক-বাছাই পর্বের এশিয়া অঞ্চলের দ্বিতীয় পর্বের খেলায় শনিবার লেবাননের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।
প্রাক বাছাইয়ের প্রথম পর্বে পাকিস্তানের বিপক্ষে দুই খেলায় মিলে ৩-০ গোলে জিতে দ্বিতীয় পর্বে ওঠে বাংলাদেশ। আর প্রথম পর্বে খেলতে হয়নি লেবাননকে। সরাসরি দ্বিতীয় পর্বে খেলছে তারা। তবে বাংলাদেশের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে গত ১৫ দিনে তিনটি প্রস্তুত ম্যাচ খেললেও জয় তো দূরের কথা, ড্রও জোটেনি তাদের কপালে। ওমান, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের কাছে হেরেছে তারা।
শুক্রবার বৈরুতের ব্রিস্টল হোটেলে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে তাই বেশ আত্মবিশ্বাসী দেখালো বাংলাদেশ অধিনায়ককে। বিপ্লব বলেন, "ফুটবল আমাদের দেশে খ্বুই জনপ্রিয়। পুরো দেশ এই খেলার দিকে তাকিয়ে আছে। আশা করছি, দেশের মানুষের মুখে হাসি ফোঁটাতে পারবো।"
সরাসরি না বললেও প্রকারান্তরে বিপ্লব জয়ের কথাই বলেছেন। তারপরও সন্দেহ থাকলে সহকারী কোচ সৈয়দ গোলাম জিলানির কথার তা দূর হওয়ার কথা। প্রধান কোচ নিকোলা ইলিয়েভস্কি সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না। তার জায়গায় জিলানিকে বেশ সপ্রতিভ মনে হয়েছে, "শনিবার ছেলেরা তাদের স্বাভাবিক খেলা খেলবেন। আশা করি তারা তাদের মেলে ধরতে পারবে। অবশ্যই ভুলে যাচ্ছি না, তারা (লেবানন) শক্তিশালী দল।"
ফিফার র্যাঙ্কিং অবশ্য সে কথা বলছে না। বাংলাদেশ ১৬৩ নম্বর দল, আর লেবানন আছে ১৭৭ নম্বরে। কিন্তু বাস্তবতা বলছে, শক্তিমত্তায় লেবানন ঢের এগিয়ে। দুই বছর দেশের বাইরে ফুটবল না খেলায় দলটি ফিফা র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়েছে। দলে আছেন জার্মানিতে খেলা ইউসুফ মোহাম্মদ ও চীনে ঘরোয়া ফুটবলের খেলোয়াড় আন্তার রোদা।
লেবানন কোচ এমিলি রুস্তম হুমকি তাই মেনে নেয়া যায়, "খেলাটি আমরা বেশ 'সিরিয়াসলি' নিয়েছি। নিজেদের মাটিতে আমাদের জিততেই হবে। তাতে জাতীয় দলের ফল উর্দ্ধমুখী হবে। ঢাকাতে ফিরতি খেলায় তা কাজে লাগবে।"
প্রস্তুতি ম্যাচের ফলাফলের কথা স্মরণ করে অধিনায়ক আব্বাস আতউই বলেন, "প্রস্তুতি খেলায় ভালো করতে পারেনি। কিন্তু লড়াইটির জন্য আমরা প্রস্তুত।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২২০৪ ঘ.
bdnews24