ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কাঁধের চোটের কারণে পুরো গ্রীষ্মেই আর খেলা হচ্ছে না আলেক্সান্দার পাতোর।
সেরি-আ'র খেলায় রোববার এসি মিলানের হয়ে উদিনেসের বিপক্ষে খেলার সময় কাঁধে চোট পান আক্রমণভাগের এই খেলোয়াড়।
এ জন্য ব্রাজিলের হয়ে কোপা আমেরিকায় খেলার সম্ভাবনা তার নেই বললেই চলে। বাঁ-কাঁধের হাড় নড়ে গেছে পাতোর। তাই একে গুরুতর বলে মনে করছে এসি মিলান।
উদিনেসের মাঠে খেলার ৭২ মিনিটে কাঁধে ব্যথা অনুভব করে মাঠ ছাড়েন ২১ বছর বয়সী পাতো। খেলায় কোনো দল গোল করতে পারেনি।
ব্রাজিলের এই ফুটবলারকে মাঠ ছাড়ার পরপরই হাসপাতালে নেয়া হয়। 'এক্স রে'তে গুরুতর কিছু ধরা পড়েনি। এসি মিলানের চিকিৎসকরা জানিয়েছেন, "পাতোর কাঁধের হাড় সরে গেছে। গ্রীষ্মে কোপা আমেরিকায় মাঠে নামতে পারছেন না তিনি।"
কোপা আমেরিকা আর্জেন্টিনায় শুরু হবে ১ জুলাই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৯৪৬ ঘ.
bdnews24