২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালের শিরোপা স্বপ্নে বড় আঘাত

স্পোর্টিং গিজনের কাছে ১-০ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। স্পেনের লা লিগার শনিবারের অন্য খেলায় একই ব্যবধানে ভিলারিয়ালকে হারিয়ে রিয়ালের চেয়ে আট পয়েন্ট এগিয়ে গেছে বার্সেলোনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2011, 11:31 AM

Updated : 24 Aug 2022, 02:49 PM

ঢাকা, এপ্রিল ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পোর্টিং গিজনের কাছে ১-০ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। স্পেনের লা লিগার শনিবারের অন্য খেলায় একই ব্যবধানে ভিলারিয়ালকে হারিয়ে রিয়ালের চেয়ে আট পয়েন্ট এগিয়ে গেছে বার্সেলোনা। ক্রিশ্চিয়ানো রোনালদো ও করিম বেনজামা বিহীন রিয়াল মাদ্রিদ চলতি মৌসুমে এই প্রথম নিজেদের মাঠে হারলো। আর ২০০২ সালের পর কোচ হোসে মরিনহোকেও প্রথমবারের মতো হারতে হলো নিজের মাঠে। ২০০২ থেকে ২০১১ পর্যন্ত প্রায় ৯ বছর হোসে মরিনহোর অধীনে থাকা দলগুলো নিজের মাঠের হারের মুখ দেখেনি। ১৫০ ম্যাচ পর মরিনহোকে আত্মসমর্পণ করতে হলো লা লিগার দশ নম্বার দল স্পোর্টিং গিজনের কাছে। খেলা শুরুর আগে মাত্রই অবসর নেয়া রিয়াল মাদ্রিদের প্রাক্তন খেলোয়াড় ও ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার রোনালদোকে দুই দলের অধিনায়ক ও রিয়াল প্রধানযুগল ফ্লোরেন্তিনা পেরেজ ও জর্জে ভালদানো সম্মান প্রদর্শন করে দলের পক্ষ থেকে স্মারক তুলে দেন। স্বভাবতই রিয়াল শুরু করে আক্রমণাত্মক ফুটবল। খেলার ২ মিনিট ও ৯ মিনিটে তাদের সুন্দর দুটি আক্রমণ নষ্ট হয় দক্ষ 'ফিনিশার' এর অভাবে। পরবর্তী ২৫ মিনিট খেলা চলে মধ্যমাঠে। রিয়ালের তারকা খেলোয়াড়দের রক্ষণে ঢুকতে দিচ্ছিলো না গিজন। অবশেষে ৩৫ মিনিটে আদেবায়োরের সঙ্গে বল আদান প্রদান করে গিজন রক্ষণে ঢুকলে পড়েন অ্যাঞ্জেল ডি মারিয়া। তার বাঁকানো শট কোনোমতে রক্ষা করেন গিজন গোলরক্ষক হুয়ান পাবলো। বিরতির পাঁচ মিনিট আগে গোলই পেয়ে যেতো অতিথিরা। গোলরক্ষক ইকার ক্যাসিয়াস ও রক্ষণ সেনা কারভালহোর ভুল বোঝাবোঝির কারণে পেয়ে যাওয়া সুযোগটা কজে লাগাতে পারেন নি দে-লাস-কিউভাস। দ্বিতীয়ার্ধে রিয়াল কোচ মাঠে নামান চোট কাটিয়ে ফিরে আসা গঞ্জালো হিগুয়েনকে। মাঠের নামান মিনিট দুয়েক এর মধ্যে গোলের দেখা পেয়ে গিয়েছিলেন 'এল পিপা' হিগুয়েন। কিন্তু তার তীব্র শট ফিরিয়ে দেন গিজন প্রাচীর হুয়ান পাবলো। খেলার ধারার বিপরীতে ৭৯ মিনিটে গোলটি খায় 'লসব্লাঙ্কোস'রা। আগুয়ান ক্যাসিয়াসের পাশ দিয়ে ঠান্ডা মাথায় রিয়াল জালে বল জড়ান দে-লাস-কিউভাস। রিয়ালের রক্ষণ নিয়ে চলতি মৌসুমে এমনিতেই সমালোচনা হচ্ছে। চোটের কারণে মার্সেলো না থাকায় রিয়াল রক্ষণের ফাঁক-ফোকর আবারও বেরিয়ে এলো এই খেলায়। ভিলারিয়ালের বিপক্ষে বার্সার একমাত্র গোলদাতা হলেন জেরার্ড পিকে। ৬৭ মিনিটের সময় সার্জিও বাসকেটের কর্ণার বুক দিয়ে নামিয়ে জোরালো শটে গোল করেন পিকে। ৩০ খেলায় ৮১ পয়েন্ট নিয়ে টানা তৃতীয়বারের মতো 'লা লিগা' ট্রফি ঘরে তোলার স্বপ্ন দেখছে বার্সা। সমানসংখ্যক খেলায় রিয়ালের পয়েন্ট ৭৩। লিগে বাকী আছে আর মাত্র আটটি খেলা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএনএম/১৭২৭ ঘ.