২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালি ও পর্তুগালের জয়, জার্মানির হার

আন্তর্জাতিক প্রীতি ফুটবলে মঙ্গলবার চলে ড্রয়ের উৎসব। আর্জেন্টিনা ০-০ কোস্টারিকা, ইংল্যান্ড ১-১ ঘানা, মেক্সিকো ১-১ ভেনেজুয়েলা, কাতার ১-১ রাশিয়া, ফ্রান্স ০-০ ক্রোয়েশিয়া, পেরু ০-০ ইকুয়েডর, দক্ষিণ কোরিয়া ০-০ মন্টেনিগ্রো খেলার ফলগুলো তাই বলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2011, 11:26 AM

Updated : 24 Aug 2022, 02:47 PM

ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক প্রীতি ফুটবলে মঙ্গলবার চলে ড্রয়ের উৎসব। আর্জেন্টিনা ০-০ কোস্টারিকা, ইংল্যান্ড ১-১ ঘানা, মেক্সিকো ১-১ ভেনেজুয়েলা, কাতার ১-১ রাশিয়া, ফ্রান্স ০-০ ক্রোয়েশিয়া, পেরু ০-০ ইকুয়েডর, দক্ষিণ কোরিয়া ০-০ মন্টেনিগ্রো খেলার ফলগুলো তাই বলছে। বড় দলগুলোর ড্র উৎসবের মাঝে ইতালি ২-০ গোলে ইউক্রেনকে ও পর্তুগাল একই ব্যবধানে ফিনল্যান্ডকে হারায়। আর দ্বিতীয় সারির খেলোয়াড়দের নিয়ে মাঠে নামা জার্মানি ২-১ গোলে হেরেছে অস্ট্রেলিয়ার কাছে। কিন্তু, সব ফলের মাঝে আর্জেন্টিনা ও কোস্টারিকা খেলার ফলাফল ছিলো চোখে লাগার মত। এই খেলায় আবার প্রমাণ হলো 'মেসিবিহীন' আর্জেন্টিনা কতটা অসহায়। গত শনিবার আমেরিকার সঙ্গে ১-১ গোলে ড্র করা খেলাতেও গোল এসেছিল মেসির বাড়িয়ে দেয়া বল থেকেই। মেসি চোটের কারণে মাঠের বাইরে ছিলেন। কোচ সার্জিও বাতিস্তা দলের বাইরে রেখেছিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া ও হাভিয়ার জানেত্তিকে। গোল বানিয়ে দেয়ার মতো খেলোয়াড়ের অভাবে তাই গোল পাওয়া হয়নি আর্জেন্টিনার। এদিকে, ইংল্যান্ড ও ঘানার খেলা ১-১ গোলে ড্র হওয়ায় আবার বিপদে পড়েছেন ইংল্যান্ড কোচ ফ্যাবিও ক্যাপেলো। ইংলিশ মিডিয়া এমনিতেই তার বিরুদ্ধে সোচ্চার। এই ড্র তাকে আবারও চাপের মুখে ফেলবে। ৪৩ মিনিটে লিভারপুল 'তারকা' অ্যান্ড্রু ক্যারোলের প্রথম আন্তর্জাতিক গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। শেষ মিনিটে ঘানার আসোমো জ্ঞানের গোলে স্তব্ধ হয়ে যায় লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়াম। ফ্রান্সের দশা হয়েছে আর্জেন্টিনার মতোই। ক্রোয়েশিয়া ভালো দল হলেও অজেয় নয়। কিন্তু একগাদা তারকা খেলোয়াড় নিয়েও ক্রোয়েশিয়ার জাল খুঁজে পেলো না ফ্রান্স। প্যারিসে এক বিরক্তিকর ফুটবলের প্রদর্শনী করলো ফ্রান্স আর ক্রোয়েশিয়া। ইউক্রেনের মাঠে ইতালি খেলেছে 'সুন্দর' ফুটবল। তরুণদের নিয়ে গড়া দলটি এদিন চমৎকার ফুটবল উপহার দিয়েছে। জিওসাপ্পি রসি ও আলেক্সান্দ্রো মাত্রি ইতালির হয়ে গোল দুটি করেন। পোর্তোর মাঝমাঠের খেলোয়াড় রুবেন মাইকেলের জোড়া গোলে ফিনল্যান্ডকে ২-০ গোলে হারায় পর্তুগাল। আর মারিও গোমেজের প্রথমার্ধের গোলে এগিয়ে থেকেও ২-১ গোলে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় জার্মানি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসএনএল/১৭২৪ ঘ.