ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পেনের লা লিগায় করিম বেনজেমার জোড়া গোলে হারকিউলিসকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
ইতালির সেরি আতে অনেক দিন পর জয়ের সুবাস পেতে গিয়েও পায়নি জুভেন্টাস। খেলার ৩৫ মিনিটের মধ্যে অ্যালেকজান্দ্রো মাত্রির জোড়া গোলের ওপর ভর করে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করে দলটি।
আর জার্মানির বুন্ডেসলিগায় টানা তিন খেলায় হারের পর জয়ের স্বাদ পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। অ্যারিয়ান রোবেনের হ্যাট্ট্রিকের সুবাদে ৬-০ গোলে উড়িয়ে দেয় তারা হামবুর্গকে।
হারকিউলিসকে হারানোয় পয়েন্ট তালিকার শীর্ষ দল বার্সেলোনার সঙ্গে ব্যবধান ৩-এ কমিয়ে এনেছে রিয়াল মাদ্রিদ। ২৮ খেলায় দলটির পয়েন্ট ৭০। বার্সেলোনার ৭৩, যদিও তারা একটি ম্যাচ কম খেলেছে।
হারকিউলিস আছে রেলিগেশন অঞ্চলে। তাই দলটিকে নিয়ে রিয়ালের খুব একটা মাথা ব্যথা ছিল না। সে কারণে মূল একাদশের কয়েকজন খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছিলেন কোচ হোসে মরিনেহো। ছোট ছোট 'পাসে' বল আদান-প্রদানের মাধ্যমে সংঘবদ্ধ আক্রমণ চালিয়েছে 'তারকাখচিত' মাদ্রিদ।
প্রথম গোলটি হয় খেলার ২৪ মিনিটে। গোলদাতা বেনজেমা। দ্বিতীয় গোলটিও তার। প্রথম গোলটি একটি পরিকল্পিত আক্রমণের ফসল হলেও দ্বিতীয়টি দেন তিনি একক প্রচেষ্টায়। বল নিয়ে বাম প্রান্ত দিয়ে ঢুকে পড়েন হারকিউলিসের বক্সে। সামনে পড়া রক্ষণভাগের এক খেলোয়াড়কে কাটানোর ভান করে গোলপোস্টের ডান প্রান্তে মাপা শট নেন। পোস্টের নিচের দিকে লেগে বল আশ্রয় নেয় হারকিউলিসের জালে। গোলটির কথা অনেকদিন মনে রাখবে দর্শকরা।
ক্রিশ্চিয়ানো রোনালদো ছাড়াই রিয়াল মাদ্রিদ যে শক্তিশালী দল, তা প্রমাণ হয়ে গেল আরেকবার । চোটের কারণে কেউ মাঠে নামতে না পারলেই কেবল খেলার সুযোগ পান বেনজেমা। চোট পাওয়ায় একে একে হিগুইন, কাকা, রোনালদো, সবাই মাঠের বাইরে। কখনো বদলি, কখনো বা ভাগ্যের জোরে খেলার শুরুতে মাঠে নামার সুযোগ পান ফ্রান্সের এই আক্রমণভাগের খেলোয়ার। চলতি মৌসুমে এরই মধ্যে ১৯ গোল নিজের নামের পাশে লিখে ফেলেছেন করিম বেনজেমা।
রিয়াল মাদ্রিদের পরের খেলা চ্যাম্পিয়ন্স লিগে। অলিম্পিক লিঁয়ের বিপক্ষে মাঠে নামবে তারা ১৬ মার্চ। লিঁও কিন্তু বেনজেমার সাবেক দল। রোনালদো খেলতে পারবে কিনা, তার কোনো নিশ্চয়তা নেই। কোচ হোসে মরিনহোর ভরসা এখন করিম বেনজেমাই!
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৬৪৫ ঘ.
bdnews24