২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'খেলাধুলা নিয়ে থাকলে শিশুরা বিপথগামী হবে না'

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের একেবারে গ্রাম পর্যন্ত খেলাধুলার চর্চা এমনভাবে ছড়িয়ে দেওয়া হবে যেন আজকের ছোট শিশুরা আগামীতে বিপথগামী না হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2011, 01:06 PM

Updated : 24 Aug 2022, 02:37 PM

ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের একেবারে গ্রাম পর্যন্ত খেলাধুলার চর্চা এমনভাবে ছড়িয়ে দেওয়া হবে যেন আজকের ছোট শিশুরা আগামীতে বিপথগামী না হয়। শেখ হাসিনা বলেন, "ছোট শিশুরা পড়ালেখা ও খেলাধুলা নিয়েই ব্যস্ত থাকবে। তাহলে তারা বিপথগামী হবে না। আগামী প্রজন্ম তারা সঠিকভাবে গড়ে উঠবে।" আবাহনী ক্লাব মাঠে শেখ কামাল ক্রীড়া কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন। বৃহস্পতিবার বিকালে ধানমন্ডির আবাহনী ক্লাব মাঠে ভিত্তিপ্রস্তর উদ্ধোধন করেন শেখ কামালের বোন শেখ রেহানা। শেখ হাসিনা বলেন, "আয়োজক দেশ হিসাবে বাংলাদেশ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান সাফল্যের সাথে আয়োজন করেছে। আমাদের ছেলেরা একটি খেলায় জয় পেয়েছে। হয়তো একদিন আমরা বিশ্বকাপও জয় করতে পারব।" তিনি বলেন, "'৭৫ এর পর সরকারগুলো এমন করেছে, যাতে আবাহনী ক্লাব টিকতে না পারে। শত প্রতিকুলতা পেরিয়ে ক্লাবটি টিকে রয়েছে।" অনুষ্ঠানে শেখ কামালকে নিয়ে নির্মিত সাত মিনিটের একটি তথ্যচিত্র দেখতে গিয়ে বঙ্গবন্ধুর দুই কন্যা অশ্র"সজল হয়ে পড়েন। শেখ রেহানা বলেন, "আবাহনীতে এলে আমার ছোটবেলার সবকিছু, বড়ভাই, মেঝ ভাইয়ের স্মৃতি ফিরে পাই। আজকের তরুণ প্রজন্মকে পড়ালেখার পাশাপাশি খেলাখুলার প্রতিও আগ্রহী করে তুলতে হবে।" আবাহনী লিমিটেডের চেয়ারম্যান সালমান এফ রহমান বলেন, "আবাহনীর সঙ্গে যারা জড়িত রয়েছি, সবাই আজ শেখ কামালের শূন্যতা অনুভব করছি। আজ আমরা আসলে তার স্বপ্নই বাস্তবায়ন করতে যাচ্ছি।" অনুষ্ঠানে আরো বক্তব্য দেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, সংসদ সদস্য নাজমুল হাসান, কাজী শাহেদ আহমেদ ও কাজী আব্দুল হাকিম। বঙ্গবন্ধু পরিবারের দুই কন্যাকে আবাহনী ক্লাবের পক্ষ থেকে ক্যাপ উপহার দেওয়া হয়। ধানমন্ডির আবাহনী ক্লাব মাঠে শেখ কামাল ক্রীড়া কমপ্লেক্স স্থাপন করা হবে। এর আয়তন সাত লাখ ২৬ হাজার ছয়শ ৬৫ বর্গফুট। এর মধ্যে আবাহনী ক্লাবের আয়তন ৬৯ হাজার দুশ ২৩ বর্গফুট, এক্সক্লুসিভ সদস্যদের হেলথ ক্লাব এক লাখ ৪০ হাজার তিনশ ৫৭ বর্গফুট, কনভেনশন সেন্টার এক লাখ ৫৫ হাজার পাঁচশ ৮৫ বর্গফুট ও গাড়ি রাখার জায়গা তিন লাখ ৬১ পাঁচশ বর্গফুট। এখানে ক্রিকেট ও ফুটবল মাঠের পাশাপাশি ইনডোরে সবধরণের খেলাখুলার আয়োজন থাকবে। জগিং ও সাইক্লিং এর জন্য আলাদা রো, ফিটনেস ক্লাবে জিমনেশিয়াম, লবি থেকে শুরু করে ডর্মিটরি ও পাঁচতারকা সুবিধায় আবাসিক ব্যবস্থা থাকবে বলে অনুষ্ঠানে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/পিডি/১৯০৪ ঘ.