২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার বাংলা চ্যানেল পাড়ি দেবেন মুসা

এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীম এবার সাঁতরে বাংলা চ্যানেল পাড়ি দেবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2011, 01:34 PM

Updated : 24 Aug 2022, 02:37 PM

ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম)- এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীম এবার সাঁতরে বাংলা চ্যানেল পাড়ি দেবেন। টেকনাফের শাহপরী দ্বীপ থেকে সেন্টমার্টিন পর্যন্ত ১৪ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ বাংলা চ্যানেল পাড়ি দিতে আগামী ৯ মার্চ সাঁতার শুরু করবেন এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি মুসা। সাঁতারে তার সঙ্গী থাকবেন এক্সট্রিম বাংলার সদস্য লিপটন সরকার। বুধবার বিকাল সাড়ে ৩টায় জাতীয় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে নর্থ আলপাইন ক্লাব বাংলাদেশ (এনএসিবি) ও এক্সট্রিম বাংলার পক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। সম্মেলনে মূসা ইব্রাহীম বলেন, "এভারেস্ট বিজয়ের আগেই আমার বাংলা চ্যানেল পাড়ি দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু নানা কারণে তা হয়ে ওঠেনি।' তিনি বলেন, "মানুষের পক্ষে যে অনেক কিছু করা সম্ভব, তা ১৪ কিলোমিটার বাংলা চ্যানেল সাঁতরে পাড়ি দিয়ে প্রমাণ করবো আমরা।" এ সাঁতারে সাড়ে ছয় ঘণ্টা সময় লাগতে পারে বলে জানান তিনি। তরুণদের 'অ্যাডভেঞ্চারে' উৎসাহ দিয়ে মূসা বলেন, "তরুণরা উদ্যোগী হলে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে।" সংবাদ সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান অভিযাত্রীদের শুভকামনা জানান । তিনি বলেন, "এভারেস্টে আরোহণ করে মূসা ইব্রাহীম দুঃসাহসিক কাজ করেছেন। বাংলা চ্যানেল সাঁতরে পাড়ি দেওয়ার পর সে ইংলিশ চ্যানেলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ চ্যানেলও পাড়ি দেবে বলে আশা করি।" অন্যদের মধ্যে এনএসিবির সভাপতি আনিসুল হক ও সাতারের কোচ হামিদুল হক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। অভিযাত্রীদের সংগঠন এক্সট্রিম বাংলার সদস্য লিপটন সরকার, ফজলুল কবির সিনা ও সালমান সাঈদ ২০০৬ সালে প্রথমবারের সাঁতরে বাংলা চ্যানেল পাড়ি দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/জেকে/১৯৩৩ ঘ.