২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিতর্কিত গোলে ম্যান ইউকে হারালো চেলসি

ইংলিশ প্রিমিয়ার লিগে মঙ্গলবার রাতে এগিয়ে থেকেও চ্যাম্পিয়ন চেলসির কাছে ২-১ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2011, 12:47 PM

Updated : 24 Aug 2022, 02:37 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংলিশ প্রিমিয়ার লিগে মঙ্গলবার রাতে এগিয়ে থেকেও চ্যাম্পিয়ন চেলসির কাছে ২-১ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ম্যান ইউয়ের এটি চলতি মৌসুমে দ্বিতীয় হার। পশ্চিম লন্ডনে চেলসির মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে দর্শকদের পূর্ণ সমর্থন পেয়েছে 'ব্লুজ'রা। এমনকি রেফারিও কিছুটা সমর্থন করেছে তাদের! তা না হলে ৭৯ মিনিটে পেনাল্টি পাওয়ার ভাগ্য হয় না চেলসির। মালুদার জায়গায় মাঠে নামা ইউরি জিরকভকে ডি-বক্সে আটকাতে যান ম্যান ইউ'র রক্ষণভাগের খেলোয়াড় ক্রিস স্মলিং। বল নিয়ে অহেতুক পড়ে যান আগুয়ান জিরকভ। ফলাফল পেনাল্টি, যা থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। এর আগে খেলার ২৯ মিনিটে অতিথি ম্যান ইউকে এগিয়ে নেন ওয়েন রুনি। মাঝমাঠ থেকে এগিয়ে এসে পর্তুগীজ ন্যানির দিকে বল ঠেলে দেন প্যাট্রিক এভরা। ন্যানির চোখ খুঁজে পায় ফাঁকায় থাকা ওয়েন রুনিকে। তার দুরন্ত শট ঠেকানোরা সাধ্য ছিল না গোলরক্ষক পিটার চেকের। পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে মাঠে নামে চেলসি। ২০০২ সাল থেকে স্ট্যামফোর্ড ব্রিজে জেতা হয়নি ম্যান ইউয়ের। মনে হচ্ছিল ৮ বছরের জয়ের খরা এবার কাটবে রেড ডেভিলদের। কিন্তু পোড়া কপাল অ্যালেক্স ফার্গুসনের দলের! জানুয়ারিতে বেনেফিকা থেকে চেলসিতে যোগ দেয়া ব্রাজিলিয়ান ডেভিড লুইজ নতুন ক্লাবের হয়ে গোলের খাতা খোলার জন্য বেছে নিলেন এই ম্যাচকেই। ৫৪ মিনিটে তার গোলে খেলায় সমতা ফেরায় চেলসি। খেলায় পরাজয়ের সুর বাজলেও রায়ান গিগস রেকর্ড বইয়ে নাম তুলেছেন। ম্যান ইউয়ের হয়ে ২০ বছরের ফুটবল জীবনে এটি ছিলো তার ৬০৬ তম খেলা। এতে, পাশে বসলেন ববি চালর্টনের যিনি ১৯৭৩ সালে চেলসির মাঠেই গড়েছিলেন এই রেকর্ড। হারলেও ২৮ খেলায় ৬০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষেই আছে ম্যান ইউ। ২৭ খেলায় ৫৬ পয়েন্ট নিয়ে আর্সেনাল আছে দ্বিতীয় স্থানে। চেলসির পয়েন্ট ৪৮। ৫০ পয়েন্ট নিয়ে তাদের ওপরে আছে ম্যানচেস্টার সিটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএনএম/১৮৬০ ঘ.