ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সোমবার বাঁ পায়ে অস্ত্রোপচার করানো ডেভিড ভিয়াকে অন্তত চার মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে। তবে চিকিৎসকরা আশা করছেন, ‘ইউরো ২০১২’ অর্থাৎ আগামী বছর অনুষ্ঠেয় ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলতে পারবেন স্পেনের এই স্ট্রাইকার।
গত সপ্তাহে আল সাদের বিপক্ষে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে খেলার সময় আঘাত পান ভিয়া। এরপর স্ট্রেচারে শুয়ে মাঠ ছাড়তে হয় বার্সেলোনার তারকা স্ট্রাইকারকে। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিলো চোটের কারণে ভিয়াকে হয়তো মৌসুমের বাকি সময়টা মাঠের বাইরেই থাকতে হবে।
তবে ভিয়ার চিকিৎসক র্যামোন কুগাত জানিয়েছেন, “ভিয়ার অস্ত্রোপচার নিয়ে চিকিৎসকরা সন্তুষ্ট। আমরা আশা করছি ভিয়া ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলতে পারবেন।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৭৫১ঘ.
bdnews24