ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অবশেষে গ্রামীণফোন ফেডারেশন কাপ ফুটবল শুরু হতে যাচ্ছে। ২৩ ডিসেম্বর বাছাই পর্ব দিয়ে শুরু হবে মৌসুমের প্রথম টুর্নামেন্টটি। বৃহস্পতিবার পেশাদার লিগ কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
১২ টি দল ফেডারেশন কাপের বাছাই পর্বে অংশ নেবে। বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের (পেশাদার লিগের দ্বিতীয় স্তর) ৭টি দল, চারটি সার্ভিসেস দল ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) অংশ নেবে এই লড়াইয়ে।
১৯ ডিসেম্বর হবে টুর্নামেন্টের ড্র। তবে চূড়ান্ত পর্ব কবে শুরু হবে তা এখনও ঠিক হয়নি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১১ এবং বাছাই পর্ব থেকে ওঠা ৫টি দলসহ মোট ১৬টি দল চূড়ান্ত পর্বে প্রতিদ্বন্দ্বিতা করবে।
ফেডারেশন কাপের পরপরই এক সঙ্গে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ। মধ্য-জানুয়ারি এই লিগ দুটো শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১০৮ঘ.
bdnews24