ঢাকা, অক্টোবর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা ওয়ান্ডারার্সের পর ব্রাদার্স ইউনিয়নও প্রথম মহিলা ফুটবল লিগ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে।
তাই শুক্রবার ব্রাদার্স ও ফরাশগঞ্জের মধ্যকার খেলাটি অনুষ্ঠিত হয়নি।
আট দলের লিগ এখন নেমে এসেছে ছয় দলে। ব্রাদার্স ও ওয়ান্ডারার্স দুদলই 'খ' গ্র"পে ছিল। কিন্তু তারা নাম প্রত্যাহার করে নেয়ায় 'খ' গ্র"পের অন্য দুই দল ঢাকা মোহামেডান ও ফরাশগঞ্জ সরাসরি সেমিফাইনালে খেলার সুযোগ পাবে।
পেশাদার লিগ ও ক্লাব প্রশাসন বিভাগের সহকারী ব্যবস্থাপক জাবের বিন তাহের এ প্রসঙ্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ব্রাদার্স নাম প্রত্যাহার করে নেয়ায় আমাদের হাতে আর কোনো বিকল্প নেই। তাই 'খ' গ্র"পের অন্য দুই দল সরাসরি সেমিফাইনালে খেলার সুযোগ পাবে।"
লিগ শুরু হওয়ার পর সরে দাঁড়ানোর কারণ হিসেবে ব্রাদার্সের ফুটবল বিষয়ক ব্যবস্থাপক আমের খান বলেন, "খেলোয়াড় স্বল্পতা ও প্রস্তুতির অভাবের কারণেই আমরা লিগে অংশ নিতে পারছি না।"
ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সে কয়েক জন খেলোয়াড় নিয়ে ব্রাদার্সের বেশ কিছুদিন অনুশীলনের গুঞ্জন অবশ্য উড়িয়ে দিয়েছেন আমের। তিনি বলেন, "এসব ভিত্তিহীন কথা। আমরা ৪ অক্টোবরেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) বলে দিয়েছি যে আমাদের পক্ষে লিগে অংশ নেয়া সম্ভব নয়। তারপরও লিগের সূচীতে আমাদের নাম রাখা হয়েছে।"
সংশোধিত সূচী অনুযায়ী শনিবার আরামবাগ-দিপালী যুব সংঘ এবং শেখ জামাল-ওয়ারী ক্লাবের মধ্যকার খেলা দুটি দিয়ে গ্র"প পর্বের সমাপ্তি হবে।
এরপর ১১ ও ১২ অক্টোবর দুটো সেমিফাইনাল এবং ১৪ অক্টোবর ফাইনাল হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/১৮৩০ঘ.
bdnews24