ঢাকা, অক্টোবর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্কটল্যান্ডের প্রিমিয়ার লিগের একটি খেলা নিয়ে বাজিতে অনিয়ম করায় ম্যানচেস্টার ইউনাইটেড ও ইংল্যান্ডের আক্রমণভাগের খেলোয়াড় ওয়েইন রুনির বাবাকে গ্রেপ্তার করা হয়েছে।
৪৮ বছর বয়সী ওয়েইন রুনি সিনিয়রকে তার লিভারপুলের বাড়ি থেকে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়। এছাড়া শহরের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয় আরো সাত ব্যক্তিকে।
ওয়েইন রুনির চাচা রিচিকেও গ্রেপ্তার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্কটল্যান্ডের প্রিমিয়ার লিগের ক্লাব মাদারওয়েলের মাঝমাঠের খেলোয়াড় ২৬ বছর বয়সী স্টিভ জেনিংসকে তার গ্লাসগোর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
মাদারওয়েল ও হার্টসের মধ্যে গত বছরের ১৪ ডিসেম্বরের খেলা নিয়ে বাজিতে অনিয়ম করার অভিযোগ এখন খতিয়ে দেখা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩২৪ ঘ.
bdnews24