ঢাকা, অক্টোবর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ বাছাই পর্বে চিলি ও ভেনিজুয়েলার বিপক্ষে খেলতে পারছেন না আর্জেন্টিনার সার্জিও অ্যাগুয়েরো। কেননা সময় মতো চোট থেকে সেরে ওঠার কোনো সম্ভাবনা তার নেই।
গত সপ্তাহান্তে ব্ল্যাকবার্ন রোভার্সের সঙ্গে খেলার সময় তিনি কুঁচকিতে চোট পান। ফলে আর খেলতে পারেননি। খেলায় তার দল ম্যানচেস্টার সিটি জেতে ৪-০ গোলে।
অ্যাগুয়েরো তার টুইটারে লেখেন, সোমবার জাতীয় দলের সঙ্গে তার যোগ দেয়ার কথা। তবে তার খেলার সম্ভাবনা নেই বলে তিনি জানান। তিনি বলেন, "চিকিৎসকদের মতে তার চোট বেশ জটিল।"
"অন্তত ভেনিজুয়েলার বিপক্ষে খেলতে পারবো বলে আমি আশা করেছিলাম," বলেন অনেকের মতে আর্জেন্টিনার ফুটবল ইশ্বর দিয়েগো মারাদোনার জামাতা, "কিন্তু চিকিৎসকরা আমাকে জানিয়েছেন যে তারা কোনো ঝুঁকি নিতে রাজি নন।"
ম্যানচেস্টার সিটিতে যোগ দেয়ার পর থেকে চমৎকার খেলছেন অ্যাগুয়েরো। প্রিমিয়ার লিগে গোল করেছেন আটটি।
অ্যাস্টন ভিলার সঙ্গে ১৫ অক্টোবরের খেলা কিংবা এর তিন দিন পর চ্যাম্পিয়ন্স লিগে ভিলারিয়ালের বিপক্ষে অ্যাগুয়েরো খেলবেন কি ন, তা এখনো স্পষ্ট নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫০৮ ঘ.
bdnews24