ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহোকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে স্পেনের ফুটবল ফেডারেশন। বার্সেলোনার সহকারী কোচ টিটো ভিলানোভার চোখে আঙ্গুল দিয়ে খোঁচা দেয়ার অপরাধে তাকে এই শাস্তি দেয়া হয়েছে।
শাস্তি পেতে হয়েছে ভিলানোভাকেও। মরিনহোকে চড় মারার দায়ে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি।
১৭ অগাস্ট রিয়াল ও বার্সার মধ্যে অনুষ্ঠিত স্পেনের সুপার কাপের ফিরতি ম্যাচে ওই ঘটনা ঘটে। ঘটনার সময় হাতাহাতিতে জড়িয়ে পড়ায় রিয়াল মাদ্রিদের মার্সেলো ও মেসুত ওজিল এবং বার্সার দাভিদ ভিয়া লাল কার্ড পান।
ঐ ম্যাচে ৩-২ গোলে জেতে বার্সেলোনা এবং ৫-৪ গোলে এগিয়ে থেকে চ্যাম্পিয়নও হয় তারা।
টেলিভিশন ক্যামেরায় মরিনহোর ভিলানোভার দিকে হেঁটে যাওয়া এবং তার চোখে খোঁচা দেয়ার দৃশ্য ধরা পড়ে।
ওই ঘটনার পর মরিনহো ক্ষমা চেয়ে একটি চিঠি লেখেন। যদিও চিঠিতে উল্লেখ করেন শুধু রিয়াল সমর্থকদের কাছেই তিনি তার আচরণের জন্য ক্ষমাপ্রার্থী।
বার্সেলোনা অবশ্য খেলা শেষে জানিয়েছিলো তাদের পক্ষ থেকে মরিনহোর বিরুদ্ধে কোনো অভিযোগ করা হবে না।
তবে স্পেনের ফুটবল ফেডারেশন ঘটনাটিকে যথেষ্ট গুরুত্বের সঙ্গেই নিয়েছিলো। তাই মরিনহোকে শাস্তি পেতে হলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২২৫৩ঘ.
bdnews24