ঢাকা, অক্টোবর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এ মৌসুমে বার্সেলোনাকে হারানোর প্রতিশ্রুতি দিয়েছেন রিয়াল মাদ্রিদের আক্রমণভাগের খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো।
গত বছর লা লিগা শেষ করে রিয়াল বার্সেলোনার চেয়ে চার পয়েন্ট পিছিয়ে থেকে। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকেও তাদের বিদায় করে দেয় বার্সেলোনা।
কোপা দেল রে'র ফাইনালে বার্সেলোনাকে হারালেও পেপ গার্দিওলার দলের বিপক্ষে রিয়ালের সার্বিক ফলাফল মোটেও সন্তোষজনক নয়।
প্রতিবন্ধী শিশুদের একটি আশ্রয় কেন্দ্র পরিদর্শনকালে এক ভক্ত রোনালদোর কাছে জানতে চায়, তারা কি এবার বার্সেলোনাকে হারাতে পারবেন? জবাবে তিনি বলেন, "চিন্তার কোনো কারণ নেই। এ মৌসুমে আমরা বার্সেলোনাকে হারাবো।"
বর্তমানে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে আছে বার্সেলোনা। ছয় খেলায় দলটির পয়েন্ট ১৪। আর ১৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩৫৫ ঘ.
bdnews24