২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'আমি একাই দলকে জেতাতে পারি না'

বিশ্বকাপ বাছাই পর্বের খেলার আগে নিজের ওপর চাপ কমাতে চাইছেন লিওনেল মেসি। অন্তত সেটাই ফুটে উঠেছে তার কথায়। তিনি বলেন, তিনি একাই দলকে জেতাতে পারেন না। এ জন্য ভালো খেলতে হবে সবাইকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2011, 07:38 AM

Updated : 24 Aug 2022, 04:28 PM

ঢাকা, অক্টোবর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ বাছাই পর্বের খেলার আগে নিজের ওপর চাপ কমাতে চাইছেন লিওনেল মেসি। অন্তত সেটাই ফুটে উঠেছে তার কথায়। তিনি বলেন, তিনি একাই দলকে জেতাতে পারেন না। এ জন্য ভালো খেলতে হবে সবাইকে। ঘরের মাঠে চিলির সঙ্গে শুক্রবারের খেলার জন্য দেশে ফিরে বুয়েনস আয়ার্সে মঙ্গলবার মেসি এ কথা বলেন। আগামী মঙ্গলবার আর্জেন্টিনা অতিথি হয়ে খেলতে যাবে ভেনিজুয়েলায়। বার্সেলোনার 'ফর্ম' মেসি কখনোই মেলে ধরতে পারেননি আর্জেন্টিনার হয়ে খেলার সময়। যদিও এবারের কোপা আমেরিকায় তিনিই ছিলেন আর্জেন্টিনার সেরা খেলোয়াড়, তারপরও কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের কাছে হেরে বিদায় নিতে হয় তাদের। শেষ পর্যন্ত প্রতিযোগিতায় অবশ্য চ্যাম্পিয়ন হয় উরুগুয়েই। "কোনো খেলোয়াড় একাই দলকে জেতাতে পারেন না," সাংবাদিকদের বলেন মেসি, "জাতীয় দল, বার্সেলোনা এবং যে কোনো দলের ক্ষেত্রে এটা সত্যি। তাই দল হিসেবে খেলাই আসল কথা।" আর্জেন্টিনার হয়ে প্রতিযোগিতমূলক ১৬ খেলায় গোল করতে পারেননি মেসি। এর মধ্যে সাতটি খেলা গতবারের বিশ্বকাপ বাছাই পর্বের, পাঁচটি মূল পর্বের ও চারটি কোপা আমেরিকার। দলের কোচ আলেহান্দ্রো সাবেইয়ার অবশ্য যতো ভরসা সব মেসির ওপর। তার কথায়, "মেসি গোল না পেলে উত্তেজিত হয়ে ওঠার কোনো কারণ নেই। কেননা আর্জেন্টিনার প্রায় সব গোলই এসেছে তার পা কিংবা মাথা থেকে। আর্জেন্টিনার কোপা আমেরিকা দল থেকে নিয়মিত দুই খেলোয়াড় ইন্টার মিলানের হাভিয়ের জানেত্তি ও ম্যানচেস্টার সিটির কার্লোস তেভেজকে বাদ দিয়েছেন তিনি। দীর্ঘ বাছাই পর্বে বোকা জুনিয়র্সের মাঝমাঠের খেলোয়াড় হুয়ান রোমান রিকুয়েলমেকে তিনি কাজে লাগাতে পারেন বলে ধারণা করা হচ্ছে। সাবেইয়া অধীনে আর্জেন্টিনা চারটি প্রীতি ম্যাচ খেলেছে। কিন্তু চিলির বিপক্ষে খেলাটি তার প্রথম বড় ধরনের ম্যাচ। কোপা আমেরিকায় ব্যর্থতার কারণে সার্জিও বাতিস্তাকে বাদ দেয়ার পর আর্জেন্টিনা ফুটবল দল তুলে দেয়া হয় তার হাতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩২০ ঘ.