২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাম্মামের জন্য আরেকটি আঘাত

এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) বিরুদ্ধে প্রতিষ্ঠানটির নিষিদ্ধ হওয়া সাবেক সভাপতি মোহাম্মদ বিন হাম্মামের একটি আবেদন খারিজ করে দিয়েছে খেলাধূলা বিষয়ক মধ্যস্থতাকারী আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2011, 02:51 PM

Updated : 24 Aug 2022, 04:27 PM

ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) বিরুদ্ধে প্রতিষ্ঠানটির নিষিদ্ধ হওয়া সাবেক সভাপতি মোহাম্মদ বিন হাম্মামের একটি আবেদন খারিজ করে দিয়েছে খেলাধূলা বিষয়ক মধ্যস্থতাকারী আদালত। ঘুষ কেলেঙ্কারির অভিযোগে জুলাইতে সব ধরনের ফুটবল কার্যক্রম থেকে আজীবনের জন্য হাম্মামকে নিষিদ্ধ করে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। ফিফার ওই আদেশের বিরুদ্ধে আপিল করেন হাম্মাম। যা এখনো বিচারাধীন। হাম্মাম্মের বিরুদ্ধে অভিযোগ, ফিফার সভাপতি নির্বাচনে ভোট কেনার জন্য তিনি ক্যারিবিয়ান ফিফা সদস্যদের ঘুষ দিয়েছেন। জুনে ওই নির্বাচন হওয়ার কথা ছিলো। নির্বাচনে হাম্মামের একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন ফিফার বর্তমান সভাপতি সেপ ব্ল্যাটার। কিন্তু নির্বাচনের ঠিক আগে নাম প্রত্যাহার করে নেন হাম্মাম। তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারো ফিফা সভাপতি নির্বাচিত হন ব্ল্যাটার। ফিফার নির্বাহী কমিটির সদস্য চীনের ঝ্যাং জিলং বর্তমানে এএফসি'র অন্তর্বর্তী সভাপতির দায়িত্বে আছেন। ফিফার আদেশের বিরুদ্ধে তার আবেদন এখনো বিচারাধীন থাকায় ঝ্যাং-এর নিয়োগ নিয়ে আপত্তি তুলেছিলেন হাম্মাম। এএফসি'র পক্ষ থেকে জানানো হয়েছে নিয়ম মেনেই ঝ্যাংকে অন্তর্বর্তী সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে। আগামী মাসে ফিফার নির্বাহী কমিটির সভাশেষে হাম্মামের স্থলাভিষিক্ত হবেন ঝ্যাং। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০৪৪ঘ.