ঢাকা, অক্টোবর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এসপানিওলকে ৪-০ গোলে হারিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহো।
সেপ্টেম্বরে লেভান্তের কাছে হার ও রেসিং সান্তানদারের সঙ্গে ড্র বেশ অস্বস্তিতে ফেলে দিয়েছিল স্বঘোষিত 'স্পেশাল ওয়ান' মরিনহোকে। রিয়াল মৌসুম শুরুর ধাক্কা সামলে উঠতে পারবে কিনা তা নিয়ে গুঞ্জনও উঠেছিলো তখন। গত সপ্তাহে রায়ো ভায়েকানোকে ৬-২ গোলে বিধ্বস্ত করে জয়ের ধারায় ফিরেছে রিয়াল। এরপর চ্যাম্পিয়নস লিগে আয়াক্স আমস্টার্ডামকেও হারিয়েছে স্পেনের সফলতম দলটি।
তবে এসপানিওলের বিপক্ষে রোববারের জয়কেই সবচেয়ে স্বস্তিকর বলে মনে করছেন রিয়াল কোচ। তার মতে এই জয় প্রমাণ করেছে রিয়াল ঠিক পথেই এগুচ্ছে।
খেলাশেষে সংবাদ সম্মেলনে মরিনহো বলেন, "কঠিন এক পরিস্থিতি থেকে আমরা বের হয়ে এসেছি। গত এক সপ্তাহে আমরা ১৩টি গোল পেয়েছি। তাই খুব ভালো লাগছে। সবচেয়ে ভালো লাগছে দিয়ারা, আরবেলোয়া ও হিগুয়াইনের জন্য। তারা ভালো খেলতে পারছিলেন না। কিন্তু আজ (রোববার) সবাই খুব ভালো খেলেছেন।"
এসপানিওলের বিপক্ষে চোটগ্রস্ত করিম বেনজেমার জায়গায় প্রথম একাদশে সুযোগ পেয়েই হ্যাট্রিক করেন হিগুয়াইন। আর্জেন্টিনার এই ফরোয়ার্ডকে নিয়ে মরিনহোও উচ্ছ্বসিত। তিনি বলেন, "হিগুয়াইন কেমন খেলে তা সবারই জানা। গুরুত্বপূর্ণ হলো কঠিন এক প্রতিপক্ষের (এসপানিওল) বিপক্ষে গোল ও জয় পাওয়া। দ্বিতীয় গোল পাওয়ার ঠিক আগেও পরিস্থিতি আমাদের অনুকূলে ছিলো না।"
লা লিগায় ৬ খেলায় ১৩ পয়েন্ট নিয়ে রিয়ালের অবস্থান তৃতীয়। ১৪ পয়েন্ট নিয়ে বার্সেলোনা শীর্ষে আছে। বার্সার সমান পয়েন্ট হলেও গোল গড়ে পিছিয়ে থাকায় লেভান্তের অবস্থান দ্বিতীয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/২০৩১ঘ.
bdnews24