ঢাকা, অক্টোবর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফ্রান্সের সাবেক তারকা ফুটবলার ও বর্তমানে রিয়াল মাদ্রিদের ক্রীড়া বিষয়ক পরিচালকের দায়িত্ব পালন করা জিনেদিন জিদান ফ্রান্সের কোচ হওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন।
২০০৬ বিশ্বকাপের পর সব ধরনের ফুটবল থেকে অবসর নেন জিদান। তার তিন বছর পর উপদেষ্টা হিসেবে রিয়াল মাদ্রিদে যোগ দেন তিনি। এ বছরের শুরুতে রিয়ালের ক্রীড়া বিষয়ক পরিচালক হওয়া এই জীবন্ত কিংবদন্তীর ইচ্ছা স্বদেশের কোচের দায়িত্ব পালন করা।
জিদানকে উদ্ধৃত করে ফ্রান্সের দৈনিক 'লা পারিসিয়ান' লিখেছে, "আমি কি লা ব্লুজের (ফ্রান্সের জাতীয় দল) কোচ হতে আগ্রহী? কেন নয়? হলে তো মন্দ হয় না। পৃথিবীতে সব কিছুই সম্ভব।"
ফ্রান্সের বর্তমান কোচ লরেন্ত ব্লা। ২০১০ বিশ্বকাপের ব্যর্থতার পর রেমন্ড ডমেনেখের স্থলাভিষিক্ত হন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/১৯০৪ঘ.
bdnews24