২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় দিনে ঘর গোছালো মোহামেডান

বাংলাদেশ লিগের দলবদলের দ্বিতীয় দিনে দল গুছিয়ে নিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। রোববার তারা ১৯ জন খেলোয়াড়কে রেজিস্ট্রেশন করিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2011, 03:51 PM

Updated : 24 Aug 2022, 04:26 PM

ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ লিগের দলবদলের দ্বিতীয় দিনে দল গুছিয়ে নিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। রোববার তারা ১৯ জন খেলোয়াড়কে রেজিস্ট্রেশন করিয়েছে। মোহামেডানে যোগ দেয়া দুই গুরুত্বপূর্ণ ফুটবলার হলেন রজনী কান্ত বর্মণ ও মতিউর মুন্না। ডিফেন্ডার রজনী ও মিডফিল্ডার মতিউর মুন্নাকে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র থেকে নিয়ে এসেছে ঐতিহ্যবাহী ক্লাবটি। পাশাপাশি গত কয়েক মৌসুম ধরে খেলা হাসান আল মামুনকেও ধরে রেখেছে তারা। গত মৌসুমে আবাহনীতে খেলা মিডফিল্ডার মেহেদী হাসান উজ্জ্বলকেও এবার মোহামেডানে দেখা যেতে পারে। খেলোয়াড় তালিকা জমা দিতে এসে দলের ম্যানেজার আমিরুল ইসলাম জানিয়েছেন, "উজ্জ্বলের সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি এবার মোহামেডানের হয়ে খেলবেন।" উজ্জ্বল অবশ্য গতবারের বাংলাদেশ লিগশেষেই সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। অথচ আমিরুল ইসলামের দাবি তিনি মোহামেডানের হয়ে খেলবেন। এ ব্যাপারে উজ্জ্বল জানান, "আমি অবসর নিয়ে ফেলেছি। আর ফেরার কোনো ইচ্ছা নেই। তবে পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে সিদ্ধান্ত পরিবর্তন করতেও পারি। মোহামেডানের সঙ্গে অবশ্য আমার এখনো কোনো চুক্তি হয়নি। এটা আমি জোর দিয়ে বলতে পারি।" রজনী-মতিউর মুন্না ছাড়া মোহামেডানে তেমন উল্লেখ করার মতো কেউ আসেনি। অনূর্ধ্ব-১৯ দলের চার জনকে নিয়ে এসেছে সাদা-কালো শিবির। তারা হলেন ডিফেন্ডার তপু বর্মণ ও মোহাম্মদ ইয়াসিন এবং মিডফিল্ডার সোহেল রানা ও মোহাম্মদ মোবারক। গত মৌসুমের অধিনায়ক হাসান আল মামুন অবশ্য এই দল নিয়েই ভালো করার ব্যাপারে আশাবাদী। তিনি বলেন, "গতবারের তুলনায় এবারের দলটি যথেষ্ট গোছানো হয়েছে। এর সঙ্গে কয়েক জন ভালো মানের বিদেশী খেলোয়াড় আসলে আমাদের দল আরো শক্তিশালী হয়ে উঠবে । যে দল নিয়ে শিরোপার লড়াই করাও সম্ভব।" এদিকে মোহামেডান ফুটবল কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম আগামী লিগে প্রতি দলে ৭ জন বিদেশী খেলোয়াড় রাখার দাবি করেন। তিনি বলেন, "লিগ আরো প্রতিদ্বন্দ্বিতাপূর্র্ণ করতে বিদেশী খেলোয়াড়ের কোটা বাড়াতেই হবে। ৭ জনের রেজিস্ট্রেশনের সুযোগ ও ৫ জনকে মাঠে নামানোর দাবি জানাচ্ছে আমাদের ক্লাব ।" দলবদলের দ্বিতীয় দিনে ঘর গুছিয়ে নিলেও রোববার মোহামেডানের কোচ শফিকুল ইসলাম মানিক বাফুফে ভবনে ছিলেন না। তিনি এবার মোহামেডানে থাকছেন কিনা তা নিয়ে গুঞ্জনও উঠেছে। আব্দুস সালাম অবশ্য এ ব্যাপারে পরিষ্কার করে কিছু বলতে পারেননি। তিনি শুধু বলেন, "কোচ হিসেবে মানিকের থাকা-না থাকার বিষয়ে এখনই কিছু বলা মুশকিল। ক্লাবের পরবর্তী পরিচালনা পর্ষদের সভায় ঠিক হবে কে হচ্ছেন এবারের মোহামেডান কোচ।" মোহামেডানের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা অবশ্য জানিয়েছেন এবার তাদের দলে একজন বিদেশী কোচকে দেখা যেতে পারে। শিরোপার লড়াইয়ে থাকার জন্যই নাকি বিদেশী কোচের প্রতি তারা আগ্রহী। দল: গোলরক্ষক: তিতুমির চৌধুরী টিটু, মোহাম্মদ হিমেল। ডিফেন্ডার: রজনী কান্ত বর্মণ, হাসান আল মামুন, তপু বর্মণ, মোহাম্মদ ইয়াসিন, মনিরুজ্জামান মামুন, শাহনুর রহমান রনি, শাহেদ আহমেদ সাগর, মোরসালিন পারভেজ। মিডফিল্ডার: মতিউর মুন্না, মোহাম্মদ মোবারক, শরীফুল ইসলাম, মোহাম্মদ ইমন, হাবিবুর রহমান সোহাগ, সোহেল রানা। স্ট্রাইকার: মোহাম্মদ রনি, মেহদী হাসান তপু, মোহাম্মদ ওয়াহেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১২৬ঘ.