ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আবারো প্রথম পর্ব থেকে বিদায় নিলেন ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন চীনের লি না। এবার স্বদেশে ভক্তদের সামনেই বেইজিং ওপেনে।
রোববার রুমানিয়ার অখ্যাত খেলোয়াড় মনিকা নিকুলেসকুর কাছে ৬-৪,৬-০ গেমে হেরে যান এশিয়ার প্রথম খেলোয়াড় হিসেবে 'গ্র্যান্ড স্লাম' একক জেতা লি না।
ইউএস ওপেনের প্রথম পর্বেও রুমানিয়ার সিমোনা হ্যালেপের কাছে হেরে যান তিনি। এই নিয়ে টানা দুটো প্রতিযোগিতায় প্রথম পর্ব থেকেই বিদায় নিতে হলো তাকে।
জুনে ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতে টেনিস বিশ্বকে চমকে দিয়েছিলেন লি না। কিন্তু তারপর থেকেই ব্যর্থতা তার সঙ্গী। ফ্রেঞ্চ ওপেনের পর ছয়টি প্রতিযোগিতায় অংশ নিয়ে তার সেরা সাফল্য দুবার তৃতীয় পর্বে উত্তরণ।
ম্যাচ শেষে হতাশ লি না বলেন, "আমি সমস্ত আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছি। জানি না আমি এখন কী করবো। এমনকি একটি পয়েন্ট জেতাও আমার জন্য কঠিন হয়ে পড়ছে।"
"আমার জন্য এই মৌসুমটা এখানেই শেষ। আমার শরীর ও মনের দীর্ঘ বিশ্রাম দরকার। আশা করি আগামী মৌসুমে আবারো ভালো ভাবে ফিরে আসতে পারবো," যোগ করেন লি না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০৪৭ঘ.
bdnews24