ঢাকা, অক্টোবর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সেরি আয় শনিবার নাপোলি ৩-০ গোলে হারিয়েছে ইন্টার মিলানকে। আর আটলান্টার বিপক্ষে ৩-১ গোলে জিতেছে রোমা।
দশজনের ইন্টার মিলানকে তাদের মাঠে কাঁদিয়ে ছেড়েছে নাপোলি। হুগো আরমান্দো কামপাগনারোর গোলে ৪৩ মিনিটে এগিয়ে যায় দলটি। ৫৬ মিনিটে ব্যবধান বাড়ান ক্রিস্টিয়ান ম্যাগিও। দলকে ইন্টারের নাগালের বাইরে নিয়ে যান মারেক হ্যামসিক, ৭৫ মিনিটে।
খেলার ৪১ মিনিটে ম্যাগিওকে ফাউল করায় ইন্টারের মাঝমাঠের খেলোয়াড় জোয়েল ওবিকে দ্বিতীয়বারের মতো হলুদ কার্ড দেখতে হয়। ফলে মাঠ থেকে বেরিয়ে যেতে হয় তাকে। সেই সঙ্গে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। যদিও টেলিভিশন রিপে¬তে দেখা যায় পেনাল্টি বক্সের বাইরে ম্যাগিওকে ধাক্কা দেন ওবি। তাই পেনাল্টির এই নির্দেশ নিয়ে প্রশ্ন তুলতে পারেন যে কেউ।
পেনাল্টি শট নেন মারেক হ্যামসিক। তা ঠেকিয়ে দেন ইন্টার গোলরক্ষক জুলিও সিজার। কিন্তু বল চলে যায় শট নেয়ার আগে থেকে বক্সের ভেতর দাঁড়ানো কামপাগনারোর পায়ে। ফিরতি বল পাঠিয়ে দেন তিনি জালে।
রেফারির পেনাল্টির নির্দেশের তীব্র প্রতিবাদ জানানোয় ইন্টারের নতুন কোচ ক্লদিও রানিয়েরিকে দ্বিতীয়ার্ধে মাঠ থেকে বহিস্কার করা হয়।
দ্বিতীয়ার্ধে ম্যাগিওর গোলটি ছিল দেখার মতো। 'ফুলব্যাক' ইউতো নাগামতোকে কাটিয়ে বলটি ম্যাগিও স্রেফ তুলে দেন জুলিও সিজারের মাথার ওপর দিয়ে। বল গিয়ে আশ্রয় নেয় জালে।
তৃতীয় গোলটি করেন হ্যামসিক অফসাইডের ফাঁদ এড়িয়ে।
স্তাদিও অলিম্পিকোয় রোমার পক্ষে গোল তিনটি করেন ২০ মিনিটে বোয়ান করকিচ, ৩১ মিনিটে পাবলো ওসভালদো ও ৮১ মিনিটে ফ্যাবিও হেনরিক সিমপি¬সিও।
আটলান্টার পক্ষে একটি গোল শোধ করেন জার্মান ডেনিস ৪৮ মিনিটে।
পাঁচ খেলায় ১০ পয়েন্ট নিয়ে নাপোলি আছে তালিকার শীর্ষে। সমান খেলায় ৮ পয়েন্ট নিয়ে রোমা আছে চতুর্থ স্থানে। ইন্টারের পয়েন্ট ৪। পাঁচ খেলায় দলটি জিতেছে মাত্র একটি। আটলান্টারও অবস্থা ইন্টারের মতো। দল দুটো আছে পয়েন্ট তালিকার নিচের দিকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১০৪৭ ঘ.
bdnews24