ঢাকা, অক্টোবর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে শনিবার জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, লিভারপুল, অ্যাস্টন ভিলা ও নিউক্যাসল ইউনাইটেড। এছাড়া সান্ডারল্যান্ড ও ওয়েস্ট ব্রমউইচের খেলা ২-২ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়।
ম্যান ইউ ২-০ গোলে নরউইচ সিটিকে, ম্যান সিটি ৪-০ গোলে ব্ল্যাকবার্ন রোভার্সকে, লিভারপুল ২-০ গোলে এভারটনকে, অ্যাস্টন ভিলা ২-০ গোলে উইগ্যান অ্যাথলেটিককে ও নিউক্যাসল ২-১ গোলে উলভারহ্যাম্পটনকে হারিয়েছে।
ব্ল্যাকবার্নের মাঠে অতিথি হয়ে খেলতে গিয়ে ম্যান সিটি সহজে জিতলেও ঘরের মাঠে তাদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যান ইউয়ের জয়টা কিন্তু সহজ ছিল না।
ওল্ড ট্রাফোর্ডে বর্তমান চ্যাম্পিয়নদের বেশ ভালোভাবেই মোকাবিলা করে প্রিমিয়ার লিগের নতুন দলটি। শুধু তাই নয়, মাঝে মধ্যে পাল্টা আক্রমণ চালিয়ে রীতিমতো বেকায়দায় ফেলে তারা স্বাগতিকদের। এমন কি, জিতেও যেতে পারতো নরউইচ। কিন্তু দক্ষ গোলদাতার অভাবে তাদের আক্রমণগুলো খেই হারিয়ে ফেলে ম্যান ইউয়ের গোল মুখে এসে।
এদিকে বল বেশিরভাগ সময় ম্যান ইউয়ের খেলোয়াড়দের পায়ে পায়ে ঘুর-পাক খেলেও ন্যানি, ওয়েন রুনি ও অ্যান্ডারসন নরউইচের রক্ষণভাগে কোনো ফাঁক-ফোকর খুঁজে পাচ্ছিলেন না। এতে খেলোয়াড়দের চোখেমুখে স্পষ্ট ফুটে ওঠে হতাশা। কি করতে হবে, তা যেন তারা বুঝে উঠতে পারছিলেন না।
খেলার এ অবস্থায় ন্যানি ও চিচারিতোকে তুলে নিয়ে কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন মাঠে নামান রায়ান গিগস ও ড্যানি ওয়েলবেককে।
এরপরই নিজেদের যেন কিছুটা ফিরে পায় ম্যান ইউ। খেলার ৬৮ মিনিটে অ্যান্ডারসন স্বাগতিক শিবিরে স্বস্তি ফিরিয়ে আনেন। আর ওয়েলবেক জয় নিশ্চিত করেন ৮৭ মিনিটে।
খেলা শেষে ফার্গুসনও স্বীকার করেন যে তার দল ভালো খেলেনি। সেই সঙ্গে তিনি বলেন, "আমরা কখনো হাল ছাড়িনি, লেগেই ছিলাম।"
ব্ল্যাকবার্নের মাঠে অধিনায়ক কার্লোস তেভেজকে নিয়ে সব বিতর্ক ঝেড়ে ফেলে দিয়েছে ম্যান সিটি। প্রথমার্ধে গোল না পেলেও দ্বিতীয়ার্ধে প্রতিক্ষকে গোল দেয় গুনে গুনে চারটি।
প্রথম গোলটি করেন অ্যাডান জনসন ৫৭ মিনিটে। ঠিক দুই মিনিট পর ব্যবধান বাড়ান মারিও বালোতেল্লি। সামির নাসরি দেন তৃতীয় গোলটি। ব্ল্যাকবার্নের কফিনে শেষ পেরেকটি ঠোকেন স্তেফান স্যাভিচ।
ঘরের মাঠ গুডিসন পার্কে ৭১ মিনিটে প্রথম গোলটি করেন লিভারপুলের সবচেয়ে দামী খেলোয়াড় অ্যান্ডি ক্যারোল। পরের গোলটি আসে ১১ মিনিট পর। গোল দেন লুই সুয়ারেজ।
রেফারির বিতর্কিত সিদ্ধান্তে খেলার ২৩ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন এভারটনের জ্যাক রডওয়েল। ১০ জনের এভারটন এরপর দাঁড়াতে পারেনি অলরেডদের সামনে।
স্টোক সিটি ও টটেনহ্যাম হটস্পারের কাছে পরপর দুই খেলায় হারার পর উলভারহ্যাম্পটন ও এভারটনকে হারালো লিভারপুল।
বার্মিংহামে অ্যাস্টন ভিলার পক্ষে গোল দু'টোর একটি করেন গ্যাব্রিয়েল অ্যাগবোনলাহর ৩৬ মিনিটে। আর ৬২ মিনিটে ড্যারেন বেন্ট করেন অপর গোলটি।
সান্ডারল্যান্ডের মাঠে পাঁচ মিনিটের মধ্যে জেমস মরিসন ও শেন লংয়ের গোলে এগিয়ে যায় ওয়েস্ট ব্রমউইচ। ২৪ মিনিটে নিকলাস বেন্ডটনার ও ২৬ মিনিটে আহমেদ মোহাম্মাদি গোল শোধ করেন।
উলভারহ্যাম্পটনের মাঠে ডেম্বা বার গোলে ১৭ মিনিটে এগিয়ে যায় নিউক্যাসল। ৩৮ মিনিটে ব্যবধান বাড়ান জোনাস গুটিরেজ। উলভসের পক্ষে একটি গোল শোধ করেন স্টিভেন ফ্লেচার ৮৮ মিনিটে।
সাত খেলায় ১৯ পয়েন্ট নিয়ে ম্যান ইউ আছে পয়েন্ট তালিকার শীর্ষে। সমান খেলায় ম্যান সিটিরও পয়েন্ট ১৯। গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দলটি আছে দ্বিতীয় স্থানে। নিউক্যাসলের পয়েন্ট ১৫। দলটি রয়েছে তৃতীয় স্থানে। সাত খেলায় ১৩ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে লিভারপুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১০০০ ঘ.
bdnews24