ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এই প্রথম (মঙ্গলবার) দিল্লি কমনওয়েলথ গেমস নিয়ে কোনো অঘটনের খবর সংবাদ মাধ্যমে নেই। নেই ক্রীড়া পল্লীর বিছানার নিচ থেকে নতুন করে সাপ বের হওয়ার খবর। কুকুরের তাড়া করার খবর নেই। উল্টো খাবারের ঘর নিয়ে আছে খেলোয়াড়দের প্রশংসা।
খাটও আর ভেঙে পড়েনি। ছাদও নয়। বাথরুমে পানের পিক নেই। বিছানার চাদরও নোংরা নয়। যমুনার পানিও নেমে গেছে। মশার উৎপাত নিয়ে আর কোনো কথা শোনা যাচ্ছে না। এর বদলে এখন কেবল প্রশংসাই শোনা যাচ্ছে বিদেশি 'অ্যাথলিটদের' মুখে।
অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, কানাডা, নিউজিল্যান্ড, স্কটল্যান্ডসহ অনেক দল এরই মধ্যে ক্রীড়া পল্লীতে উঠেছে। দেশগুলোর কর্মকর্তারা বলছেন, এ কয়েক দিনেই পল্লীর বেশ উন্নতি হয়েছে।
স্কটল্যান্ডের শেফ দ্য মিশন জন ডেগ বলেন, ''এ রকম আতিথেয়তা আগে কোথাও পাইনি। একমাত্র কোনো মহান দেশই এটা করতে পারে।''
খাটের নিচ থেকে সাপ বের হওয়ার পর যিনি হুমকি দিয়েছিলেন, দক্ষিণ আফ্রিকার সেই রাষ্ট্র্রদূত হ্যারিস এম মোজেকে বলেন, ''সাপ তো আমাদের দেশের নদী-জঙ্গলেও থাকে। কারো কারো বাড়িতেও ঢুকে পড়ে। এটা কোনো ব্যাপারই নয়।''
পল্লী এলাকা এখন চকচক করছে। আর কারো কোনো অভিযোগ থাকবে না বলেই মনে করছেন আয়োজকরা। পল্লীর দেখভাল করছেন ৩৬ জন কর্মকর্তা। তাদের অধীনে রয়েছে বিশাল কর্মী বাহিনী।
গেমসের উদ্বোধনী অনুষ্ঠান হবে সেই জওহরলাল নেহরু স্টেডিয়ামে। তবে স্টেডিয়ামের ফটক এখনো খোলা হয়নি। কাজ চলছে শেষ প্রলেপ দেয়ার।
গেমসে এবারও ফেবারিট অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া গেমসের ইতিহাসে সবচেয়ে বড় ৩৭৮ সদস্যের দল পাঠিয়েছে। গত পাঁচটি গেমসেই সোনাসহ মোট পদক জয়ের দিক দিয়ে অস্ট্রেলিয়া ছিল সব দেশের ওপরে। ২০০৬ সালে দেশটি জিতেছিল ২২১টি পদক। এর মধ্যে সোনা ছিল ৮৪টি, রুপা ৬৯ এবং ব্রোঞ্জ ৬৮টি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/এনআই/১৮২৪ ঘ.
bdnews24