ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আর্সেনাল এবং টটেনহ্যামও চেয়েছিল তাকে। গুঞ্জন চলছিল যেকোনো একটি ক্লাবে যোগ দিতে পারেন জো কোল। কিন্তু চেলসি ছেড়ে মাঝ-মাঠের এই ফুটবলার যোগ দিয়েছেন আরেক ইংলিশ ক্লাব লিভারপুলে।
মেডিক্যাল টেস্ট (ডাক্তারি পরীক্ষা) শেষে আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন তিনি।
ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন চেলসি অবশ্য নতুন করে চুক্তি করতে চেয়েছিল ২৮ বছর বয়সী কোলের সঙ্গে। কিন্তু রাজি হননি, জানিয়ে দেন, আসছে মৌসুমে নতুন ক্লাবে যোগ দিতে চান তিনি।
ব্রিটিশ সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, কোচ কার্লো অ্যানচেলত্তির সঙ্গে বনিবনা না হওয়াই কোলের দলবদলের কারণ। তবে কোল তা উড়িয়ে দেন। তিনি বলেন, ''না, কার্লোর (অ্যানচেলত্তি) সঙ্গে আমার বিরোধ কখনোই ছিল না। তিনি শুধু ভালো একজন ম্যানেজারই নন, মানুষ হিসেবেও অসাধারণ।''
ওয়েস্টহ্যাম থেকে ৬.৬ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফি'র বিনিময়ে চেলসিতে নাম লিখিয়েছিলেন কোল, ২০০৩ সালে। স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটির হয়ে তিনবার প্রিমিয়ার লিগ শিরোপা ও দু'বার এফএ কাপ জেতেন। ক্লাবের পক্ষে ২৮২ খেলায় গোল করেছেন ৪০টি।
তাই তো লিভারপুলে যোগ দিয়েও কোল বলছিলেন, ''চেলসিতে চমৎকার সময় কেটেছে আমার। দলের সমর্থকদের অভিনন্দন জানান তিনি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৭২৪ ঘ.
bdnews24