ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিটিসেল বাংলাদেশ লিগের ২৫তম পর্বের খেলায় বড় জয় পেয়েছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। রোববার তারা ৫-১ গোলে হারায় মুক্তিযোদ্ধা সংসদকে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলায় শুরু থেকেই মুক্তিযোদ্ধার বিপক্ষে গোল উৎসবে মেতে উঠে ফরাশগঞ্জ । পুরনো ঢাকার ঐতিহ্যবাহী দলটিকে এগিয়ে নেন জিতু, ১০ মিনিটে। পাঁচ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ (২-০) করেন সবুজ।
বিরতির পর টিপুর গোলে ব্যবধান ২-১ এ কমিয়ে আনে মুক্তিযোদ্ধা। কিন্তু খেলার বাকি সময়ে আরো তিনটি গোল হজম করতে হয় তাদের।
৭৩ মিনিটে ফরাশগঞ্জকে তৃতীয় গোল এনে দেন ইসমাইল। খেলার শেষ মুহূর্তে সবুজ (৮৭ মিনিট) ও জিতু (৯১ মিনিট) আরো একটি করে গোল করায় বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ফরাশগঞ্জ।
এ জয়ে অবনমনের ঝুঁকি অনেকটাই এড়াতে সক্ষম হলো ফরাশগঞ্জ। ২৩ খেলায় তাদের সংগ্রহ ২২ পয়েন্ট। সমান ম্যাচে মুক্তিযোদ্ধার পয়েন্ট ২৪।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/সিজি/২০২১ ঘ.
bdnews24