মাদ্রিদ, মে ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পেনের লা লিগায় মঙ্গলবার বার্সেলোনা ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে টেনেরিফে'কে। ফলে রিয়াল মাদ্রিদের চেয়ে চার পয়েন্টে এগিয়ে গেল বার্সা।
অন্যান্য খেলায় ভালেন্সিয়া ৩-১ গোলে হারায় জেরেজকে। আলমেরিয়া ৪-২ গোলে জেতে ভিলারিয়ালের বিপক্ষে। গেটাফে ও রিয়াল স্পোর্টিং দ্য গিজনের খেলা ১ -১ গোলে ড্র হয়েছে।
নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে বার্সেলোনার আক্রমণভাগের খেলোয়াড় লিওনেল মেসি খেলার ১৭ মিনিটে দলকে এগিয়ে নেন। আর টেনেরিফের মাঝমাঠের খেলোয়াড় মার্টিনেজ রোমান ৩৯ মিনিটে নিজ দলকে সমতায় ফেরান।
বিরতির পর গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে উভয় দলই। আক্রমণ ও পাল্টা-আক্রমণে জমে ওঠে খেলা। ৬৩ মিনিটে বার্সার আক্রমণভাগের খেলোয়াড় বোজান পেরেজ
২-১ গোলে এগিয়ে নেন দলকে।
মেসির বানিয়ে দেয়া বল রডরিগুয়েজ পেদ্রো জড়িয়ে দেন টেনেরিফের জালে, ৭৭ মিনিটে। ফলে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৩-১ এ। খেলার শেষ মিনিটে টেনেরিফের কফিনে শেষ পেরেক ঠোকেন লিওনেল মেসি।
তালিকার শীর্ষে রয়েছে বার্সেলোনা, পয়েন্ট ৯৩। ৮৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৬০০ ঘ.
bdnews24