ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৯ সালের বর্ষসেরা ডব্লিউটিএ ট্যুর খেলোয়াড়ের খেতাব জিতেছেন র্যাঙ্কিংসেরা যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস। বোন ভেনাস উইলিয়ামসকে নিয়ে বর্ষসেরার দ্বৈত জুটির পুরস্কারও জিতে নিয়েছেন সেরেনা।
বুধবার ফ্লোরিডার কি বিসকেইনে সনি এরিকসন ওপেনে এক জমকালো অনুষ্ঠানে ডব্লিউটিএ'র বিভিন্ন ক্ষেত্রে বর্ষসেরাদের নাম ঘোষণা করা হয়।
খেতাব জয়ী সেরেনা গত বছরে উইম্বলডন ও অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জয় করেন। এছাড়া ২০০৯ সালে ইউএস ওপেনের সেমিফাইনালে ও ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালেও খেলেন ১২টি একক গ্র্যান্ড স্লাম জয়ী সেরেনা।
তবে দ্বৈতে সেরেনা- ভেনাস বোনেরা ২০০৯ সালে শিরোপা জেতার মিশনে ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। গত বছরে অস্ট্রেলিয়ান ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেনের শিরোপা তাদের হাতে ওঠে। এছাড়া স্ট্যানফোর্ডেও দ্বৈত শিরোপা জিতে নেন এই দুই বোন।
এদিকে মা হওয়ার পর টেনিসে ফেরা কিম ক্লিস্টার্স বর্ষসেরা কামব্যাক খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। গত বছরের ইউএস ওপেনে চ্যাম্পিয়ন হন তিনি।
বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের কিশোরী মেলানি ওডিন। গত বছর উইম্বলডনে চতুর্থ রাউন্ড ও ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে খেলেন মেলানি।
অন্যদিকে ভক্তদের কাছে রাশিয়ান তরুণী এলিনা দেমেন্তিয়েভাই ছিলেন সবার সেরা। ফ্যানস অনলাইনের ভোটে ভক্তদের সেরা একক খেলোয়াড়ের পুরস্কার জিতে নেন রুশ সুন্দরী এলিনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/সিজি১৯৪০ ঘ.
bdnews24