লন্ডন, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত এ মৌসুমে নিজের মাঠে হারের স্বাদ নিতে হলো ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষ দল চেলসিকে। কার্লোস তেভেজ ও ক্রেগ বেলামির জোড়া গোলে ম্যানচেস্টার সিটি ৪-২ গোলে চেলসিকে স্রেফ উড়িয়ে দিয়েছে।
দিনের অন্যান্য খেলায় আর্সেনাল ৩-১ গোলে স্টোক সিটিকে, বার্মিংহাম সিটি ১-০ গোলে উইগ্যান অ্যাথলেটিককে, বোল্টন ওয়ান্ডারার্স ১-০ গোলে উলভস হ্যাম্পটনকে ও পোর্টসমাউথ ২-১ গোলে বার্নলেকে হারিয়েছে।
স্পেনের লা লিগায় রিয়াল মাদ্রিদ গঞ্জালো জেরাডো হিগুইনের জোড়া গোলে ৫-১ এ সহজ জয় পেয়েছে টেনেরিফের বিপক্ষে। অন্যান্য খেলায় বার্সেলোনা ২-১ গোলে মালাগা ও জারাগোজা ২-০ গোলে গেটাফের বিপক্ষে জিতেছে।
নিজের মাঠে ফ্রাঙ্ক ল্যাম্পার্ড চেলসিকে এগিয়ে নেন, ৪২ মিনিটে। তবে তিন মিনিট পরই চেলসির জালে বল জড়িয়ে দিয়ে খেলায় সমতা ফেরান দুর্দান্ত ফর্মে থাকা ম্যানচেস্টার সিটির কার্লোস তেভেজ।
তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই গ্যারেথ বারির কাছ থেকে বল পেয়ে ক্রেগ বেলামির গোলে খেলায় ২-১ এগিয়ে যায় ম্যান সিটি। ৭৩ মিনিটে চেলসির জুলিয়ানো বেলেত্তি ও ৮১ মিনিটে মাইকেল বালাককে লাল কার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যেতে হয়।
পেনাল্টি থেকে তেভেজ তার দ্বিতীয় গোলটি করেন ৭৬ মিনিটে।
ক্রেগ বেলামি তার দ্বিতীয় গোলটি করেন ৮৭ মিনিটে। যদিও শেষ মুহূর্তে চেলসির হয়ে আরেকটি গোল করেন ল্যাম্পার্ড। ল্যাম্পার্ডের এই জোড়া গোলের পরও হার মেনেই মাঠ ছাড়তে হয় চেলসিকে।
এছাড়া সেরি-আ তে ল্যাজিও ১-১ গোলে ড্র করেছে ফিওরেন্টিনার সঙ্গে। ল্যাজিওর পক্ষে ৭ মিনিটে গোলটি করেন সেবাসতিয়ানো সিভিগ্লিয়া। আর ফিওরেন্টিনার হয়ে গোলটি শোধ করেন কিরিসন ডি সৌজা কার্নিরো অতিরিক্ত সময়ে (৯০ )।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/২২০৩ ঘ.
bdnews24