বার্লিন, ফেব্রুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত বরুসিয়া ডর্টমুন্ডকে ২-১ গোলে হারিয়েছে স্কালকে ০৪।
ভেলটিনস অ্যারেনা স্টেডিয়ামে বুন্ডেসলিগার তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার প্রথমার্ধে কোনো পক্ষই গোল করতে পারেনি। তবে ৪৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বরুসিয়ার মাঝ মাঠের তূর্কি খেলোয়াড় নুরি শাহিন দলকে এগিয়ে নেন। আক্রমণভাগের প্যারাগুয়ের খেলোয়াড় নেলসন হায়েদো ভালদেজের বিপক্ষে স্কালকের ইভান রাকিতিচ ফাউল করলে রেফারি এই পেনাল্টির নির্দেশ দেন।
গোল শোধে মরিয়া স্কালকে খেলায় সমতা ফেরায় ৬৬ মিনিটে, বেনিডিক্ট হোয়েডেজের গোলে।
খেলার ৮১ মিনিটে ডর্টমুন্ড গোলের একটি সুযোগ নষ্ট করলেও দুই মিনিট পর সুযোগ পেয়ে ঠিকই কাজে লাগিয়েছেন স্কালকের ক্রোয়েশিয়ার খেলোয়াড় রাকিতিচ। তার গোলের ওপর ভর করে জয় নিয়ে মাঠ ছাড়ে স্কালকে।
এই জয়ের ফলে স্কালকের পয়েন্ট দাঁড়ালো ২৪ ম্যাচে ৪৮। সমান ম্যাচে বরুসিয়ার পয়েন্ট ৩৯।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/১৭১৩ ঘ.
bdnews24