ঢাকা, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লিগের জন্য আরো এক মাস অপেক্ষা করতে হচ্ছে হকি খেলোয়াড়দের। এপ্রিলের প্রথম সপ্তাহে মাঠে গড়াতে পারে প্রিমিয়ার হকি লিগ। যদিও ২৭ মার্চ শুরু হচ্ছে ক্লাব কাপ টুর্নামেন্ট।
এই ক্লাব কাপ হকি শুরুর আগেই দল-বদল সম্পন্ন হবে জার্মানি থেকে প্রশিক্ষণ নিয়ে আসা বাকি ১৯ খেলোয়াড়ের।
লিগ কমিটির বৈঠকে সোমবার সন্ধ্যায় লিগ শুরুর দিনক্ষণ নির্ধারণ ও প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। এতে দল-বদল, ক্লাবে খেলোয়াড়ের সংখ্যা ও একটি দলে কয়জন বিদেশি খেলোয়াড় খেলতে পারবেন, তা ঠিক করে দেয়া হয়।
লিগ কমিটির সাধারণ সম্পাদক আনভীর আদিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগামী ২৭ মার্চ ক্লাব কাপ টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে। মার্চের ৮-৯ তারিখে দল-বদল শেষ হবে জার্মানি থেকে প্রশিক্ষণ নিয়ে আসা বাকি ১৯ হকি খেলোয়াড়ের। ক্লাব কাপ টুর্নামেন্ট শেষ হওয়ার তিনদিন পরই প্রিমিয়ার লিগ শুরু হবে।"
তিনি বলেন, "এবারের লিগে দলে খেলোয়াড়ের সংখ্যা বাড়ানো হয়েছে। আগে ২০ জনকে দলে রাখতে পারতো একেকটি দল। নতুন নিয়ম অনুযায়ী, এই সংখ্যা ২৫ জনে বাড়ানো হয়েছে। এছাড়া সর্বোচ্চ ৫ জন বিদেশি খেলোয়াড় রাখতে পারবে একেকটি দল।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/এসএ/টিআর/২৩০১ ঘ.
bdnews24