ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংলিশ প্রিমিয়ার লিগে সোমবার ১-০ গোলে আর্সেনালকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
খেলায় একমাত্র গোলটি করেন ম্যান ইউ'র জি-সুং পার্ক।
ম্যান ইউ'র পয়েন্ট এখন ৩৪। ৩২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আর্সেনাল। সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে পড়ায় ম্যানচেস্টার সিটি রয়েছে তৃতীয় স্থানে।
প্রথমার্ধের খেলা শেষ হওয়ার ৪ মিনিট আগে ন্যানি আড়াআড়িভাবে হাওয়ায় ভাসিয়ে বল ফেলেন আর্সেনালের গোল মুখে। বলটি ধরার জন্য লাফিয়েও উঠেছিলেন গোলরক্ষক। কিন্তু তার হাতকে ফাঁকি দিয়ে বল চলে যায় গোলরক্ষকের পেছনে পার্কের কাছে। মাথা দিয়ে চমৎকারভাবে বলটি তিনি জালে জড়িয়ে দেন।
খেলার শেষ দিকে ব্যবধান বাড়ানোর একটি সহজ সুযোগ পায় ম্যান ইউ। আর্সেনালের বক্সের মধ্যে ন্যানিকে বাধা দেয়ার সময় বল লাগে রক্ষণভাগের খেলোয়াড় ক্লিশইয়ের হাতে। পেনাল্টি দেন রেফারি।
পেনাল্টি শট নেন ওয়েন রুনি। কিন্তু তা ঠেকিয়ে দেন আর্সেনালের গোলরক্ষক।
এরপর আর কোনো দলই গোল করতে পারেনি।
এই খেলায় হেরে যাওয়ায় ম্যান ইউ'র কাছে টানা ১১ খেলায় হার মানতে হলো আর্সেনালকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৮১৪ ঘ.
bdnews24