ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিজের চাকরি নিয়ে চিন্তিত নন ইংলিশ প্রিমিয়ার লিগে বর্তমান বর্তমান চ্যাম্পিয়ন চেলসির কোচ কার্লো আনচেলত্তি। যদিও ১০ নভেম্বরের পর প্রিমিয়ার লিগের আর কোনো খেলাতেই জিততে পারেনি তার দল চেলসি।
হারের গণ্ডি থেকে যেন কিছুএতই বেরিয়ে আসতে পারছে না দ্য ব্লুজরা। ২০০৩ সালে রাশিয়ার রোমান আব্রামোভিচের কেনার পর এত খারাপ সময় আর কখনো পার করতে হয়নি এই ইংলিশ ক্লাবটিকে।
আনচেলত্তি বলেন, "মার্সেইর বিপক্ষে বুধবারের খেলায় হারের পর আমি রোমানের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে পূর্ণ সমর্থন দিয়েছেন। আমি জানি দলের খেলোয়াড়রাও আমাকে সমর্থন দিবে। আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। পুরো ক্লাব আমার পাশে আছে। তাই চাকরি নিয়ে আমার কোনো চিন্তা নেই।"
আনচেলত্তি আরো বলেন, আমরা আমাদের সেরাটা খেলতে পারছি না। আর এটাই আমার চিন্তার কারণ। আমাদের ভালো করার ক্ষমতা আছে। আর যত তাড়াতাড়ি সম্ভব আমি এই পরিস্থিতি থেকে দলকে বের করতে চাই।
তবে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগে ভালো করছে চেলসি। গ্র"প পর্বের প্রথম পাঁচটি খেলার সবগুলোতে জিতে এরই মধ্যে নকআউট পর্বে নিজেদের অবস্থান নিশ্চিত করেছে দলটি। শেষ ম্যাচে হেরে যায় ফরাসি ক্লাব মার্সেই'র কাছে।
প্রিমিয়ার লিগে আনচেলত্তির সামনে কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে। রোববার চেলসির প্রতিপক্ষ টটেনহ্যাম হটস্পার। পরের ম্যাচে ১৯ ডিসেম্বর তারা মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের। ২৭ ডিসেম্বর ব্লুজরা খেলবে বর্তমানে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এনআই/২১৪২ ঘ.
bdnews24