ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চ্যাম্পিয়ন্স লিগে বুধবার করিম বেনজেমার হ্যাট্রিকের সুবাদে রিয়াল মাদ্রিদ ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অজেরেকে। এছাড়া মার্সেইয়ের কাছে হার মেনেছে চেলসি। আর এসি মিলান হেরেছে আয়াক্স আমস্টারডামের কাছে।
ঘরের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে গোলের জন্য মরিয়া হয়ে খেলা শুরু করে রিয়াল মাদ্রিদ। খেলার ১২ মিনিটের মধ্যে ফল পেয়ে যায় হোসে মরিহোর দল। আক্রমণভাগের খেলোয়াড় করিম বেনজেমার দুর্দান্ত শট প্রতিপক্ষের জালে আশ্রয় নিলে এগিয়ে যায় তারা।
গোল শোধ করার জন্য আপ্রাণ চেষ্টা চালায় অজেরে। কিন্তু রিয়ালের রক্ষণভাগ ভেদ করতে পারেনি তারা।
বিরতির পর খেলার ৪৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন খেলা গড়ার কারিগড় ক্রিশ্চিয়ানো রোনালদো। ৭২ মিনিটে আবারো গোল করেন বেনজেমা।
শেষ বাঁশি বাজার দুই মিনিটে আগে অজেরের কফিনে শেষ পেরেকটি ঠোকেন বেনজেমা।
সার্বিয়ার ক্লাব পার্টিজান বেলগ্রেডের বিপক্ষে নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ৩-১ গোলে জেতে ইংল্যান্ডের ক্লাব আর্সেনাল।
খেলার ৩০ মিনিটে রবিন ফন পার্সিকে বক্সের মধ্যে অবৈধভাবে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সুযোগটি কাজে লাগাতে মোটেও ভুল করেননি পার্সি।
গোল খেয়ে তা শোধ করতে মরিয়া হয়ে ওঠে পার্টিজান। কিন্তু প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।
বিরতির পর ৫২ মিনিটে আলমানি মরিইরার কাছ থেকে বল পেয়ে গোল শোধ করেন পার্টিজানের কোরদোভা ক্লেও।
ব্যাকারি সাগনার কাছ থেকে বল পেয়ে গোল ব্যবধান ২-১ এ নিয়ে যান থিও ওয়ালকট। ৭৭ মিনিটে সামির নাসরির গোলে জয় নিশ্চিত করে গানার্সরা।
খেলার ৮৫ মিনিটে সাগনা লাল কার্ড পেয়ে মাঠের বাইরে চলে যান। ফলে দশজনের দলে পরিণত হয় আর্সেনাল। তারপরও ব্যবধান কমাতে পারেনি পার্টিজান।
আরেকটি খেলায় চেলসি ১-০ গোলে হেরেছে ফ্রান্সের ক্লাব মার্সেই'র কাছে। খেলা শেষ হওয়ার ৯ মিনিট আগে জয়সূচক গোলটি করেন মার্সেই'র এভানিলসন ব্রান্দাও। বল বানিয়ে দেন টায়ে টাইয়ু।
চেলসির পথ অনুসরণ করেছে ইতালির এসি মিলান। তারা ০-২ গোলে হার মানতে বাধ্য হয়েছে আয়াক্স আমস্টারডামের কাছে। গোল দু'টি করেন ডেমি ডি জিয়ু (৫৭ মিনিটে) এবং টবি অ্যাল্ডারওয়েইরেল্ড (৬৬ মিনিটে)।
জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ জিতেছে এফসি বাসেলের বিপক্ষে। ৩৫ মিনিটে বায়ার্নের পক্ষে গোল দেন ফ্রাঙ্ক রিবেরি। দুই মিনিট পর আনোটোলির টিমোসচাকের গোলে ২-০ তে এগিয়ে যায় বায়ার্ন। খেলার শেষ গোলটি করেন ওই রিবেরি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/২১৪৭ ঘ.
bdnews24