ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -ওয়েন রুনির মাঠে ফেরার দিনটা দারুণ ভালো গেল ম্যানচেস্টার ইউনাইটেডের। শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে একসময় নয়জনের দলে পরিণত হওয়া উইগান অ্যাথলেটিককে ২-০ গোলে হারিয়েছে ম্যানউই।
নিজেদের এই জয়ের দিনে প্রিমিয়ার লিগে ম্যানইউয়ের প্রধান দুই প্রতিদ্বন্দ্বী হেরে গেছে। বর্তমান চ্যাম্পিয়ন চেলসিকে ১-০ গোলে হারায় বার্মিংহ্যাম সিটি। ওদিকে আর্সেনাল ৩-২ গোলে হেরে যায় টটেনহ্যাম হটস্পারের কাছে।
একই দিন লিভারপুল ৩-০ গোলে ওয়েস্ট হ্যামকে হারিয়ে ফের জয়ের রাস্তায় ফেরে। আর নিউক্যাসল ইউনাইটেডকে ৫-১ গোলে উড়িয়ে দেয় বোল্টন ওয়ান্ডারার্স।
প্যাটট্রিক এভরা এবং জাভিয়ের হার্নান্দেজের গোলে জয় পায় ম্যানচেস্টার। এ জয়ে ১৪ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে গোল ফারাকে দ্বিতীয়স্থানে রয়েছে তারা। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় ম্যাচ হেরেও শীর্ষে চেলসি। ১৪ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে আর্সেনাল।
ম্যানইউ প্রথম গোল পায় বিরতির ঠিক আগে। দলের দক্ষিণ কোরিয়ান তারকা পার্ক জি-সুংয়ের ক্রস থেকে হেডে গোল করেন এভরা। দ্বিতীয়ার্ধে খেলার ৭৭ মিনিটে হেডেই দ্বিতীয় গোল করেন বদলি খেলোয়াড় মেক্সিকোর হার্নান্দেজ। রুনির একটি হেড পোস্ট ঘেঁষে বাইরে দিয়ে চলে যায়।
চেলসির বিপক্ষে একটিই সুযোগ পেয়েছিল বার্মিংহ্যাম। ১৭ মিনিটে সে সুযোগ থেকে গোল করেন দলের লি বোয়ার। এ গোলেই খেলার ভাগ্য ঠিক হয়ে যায়। ১৯৮০ সালের পর নিজেদের মাঠে বার্মিংহ্যাম এই প্রথম হারাল চেলসিকে।
প্রিমিয়ার লিগে গত চার বছরের মধ্যে এই প্রথম টানা দুই খেলায় হারল চেলসি। গত সপ্তাহে চেলসি ৩-০ গোলে হেরেছিল সান্ডারল্যান্ডের কাছে। অধিনায়ক জন টেরি না থাকায় রক্ষণ দুর্বলতার জন্যই চেলসির সমস্যা হচ্ছে।
সমির নাসরি এবং মারুনে চামাখের গোলে আর্সেনাল প্রথমার্ধে ২-০ গোলে এগিয়েছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে খেলার ধারা বদলে ফেলে তিন গোল করে নাটকীয় জয় তুলে নেয় টটেনহ্যাম।
৫০ মিনিটে প্রথম গোল শোধ করেন টটেনহ্যামের নতুন তারকা গ্যারেথ বেল। ৬৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান রাফায়েল ফন ডার ফার্ট। ৮৫ মিনিটে জোরালো হেডে গোল করে টটেনহ্যামকে জেতান ডিফেন্ডার ইউনেস কাবুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এনআই/এমএইচ/১৯১৪ ঘ.
bdnews24