ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গুয়াংজু এশিয়ান গেমস ছেলেদের হকিতে বুধবার ভারতের কাছে ০-৯ গোলে হেরে গেছে বাংলাদেশ।
এই জয়ের ফলে হকির সেমিফাইনালে ওঠার পথে এক ধাপ এগিয়ে গেল ভারত। দেশটির পক্ষে সন্দিপ সিং চারটি ও খন্দকার তুষার তিনটি গোল করেন। এছাড়া একটি করে গোল করেন সুভেদ্রা সিং ও রাজ পাল।
খেলার দ্বিতীয় মিনিটেই তুষারের গোলে এগিয়ে যায় সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। এরপর গোল উৎসব চলে খেলার পুরো সময়জুড়ে।
খেলার ১১ মিনিটে সন্দিপ সিং ব্যবধান বাড়ান। ২২ মিনিটে তৃতীয় গোল করেন সুভেদ্রা সিং। দ্বিতীয়ার্ধের প্রথম ৯ মিনিটে আরো তিন গোল খায় বাংলাদেশ। গোল তিনটি করেন রাজ পাল, তুষার ও সন্দিপ।
ছয় গোলে পিছিয়ে পড়ে আক্রমণাত্মক হকি খেলতে শুরু করে বাংলাদেশ। কিন্তু পাল্টা-আক্রমণ চালিয়ে আরো তিনটি দেয় ভারত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৯৫৪ ঘ.
bdnews24