ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জেমস মগার হ্যাট্রিকের সুবাদে গ্রামীণফোন ফেডারেশন কাপ ফুটবল প্রতিযোগিতায় সহজ জয় পেল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বৃহষ্পতিবার মুক্তিযোদ্ধা ৩-০ গোলে হারায় ফেনী সকার ক্লাবকে।
এ জয়ের ফলে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে সেমিফাইনাল খেলা প্রায় নিশ্চিত করল মুক্তিযোদ্ধা। প্রথম ম্যাচে ঢাকা মোহামেডানের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল তারা।
খেলার প্রথমার্ধে মুক্তিযোদ্ধা ২-০ গোলে এগিয়েছিল। খেলার ৯ মিনিটে জেমস মগার দৃষ্টিনন্দন গোলে এগিয়ে যায় দলটি (১-০)। ব্যবধান বাড়াতে খুব একটা সময় লাগেনি মুক্তিযোদ্ধার। দু'মিনিট পর আবারো গোল করেন সেই মগা (২-০)।
দ্বিতীয়ার্ধেও খেলা ছিল বুকোলাদের নিয়ন্ত্রণে। তবে এ অর্ধে একটির বেশি গোল পায়নি মুক্তিযোদ্ধা।
কিন্তু অনেক সহজ সুযোগ হাতছাড়া করে তারা। শেষ পর্যন্ত খেলার ৭৭ মিনিটে দলের এবং নিজের তৃতীয় গোল করে হ্যাট্রিক করেন (৩-০) মগা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৮৩৫ ঘ.
bdnews24