লন্ডন, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এফএ কাপ থেকে ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের পর এবার বিদায় নিল আর্সেনাল। রোববার চতুর্থ রাউন্ডের ম্যাচে রিকার্ডো ফুলারের জোড়া গোলে স্টোক সিটি ৩-১ গোলে হারায় আর্সেনালকে। অন্য ম্যাচে ম্যানচেস্টার সিটি ৪-২ গোলে জিতেছে স্কানথর্পের বিপক্ষে। লা লিগায় ক্রিশ্চিয়ানো রোনালদোর দুই গোলে রিয়াল মাদ্রিদ হারিয়েছে মালাগাকে ২-০ তে। সিরি আ'তে দুই মিলানের লড়াইয়ে এসি মিলানের বিপক্ষে ২-০ গোলে জিতেছে বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলান।
ম্যাচের তিন মিনিটে মার্টিন পেট্রোভের গোলে স্কানথর্পের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে যায় ম্যান সিটি। তবে ২৯ মিনিটে পল হায়েস সমতা ফেরান ম্যাচে। ৪৫ মিনিটে ম্যান সিটিকে আবারো এগিয়ে নেন নিদাম অনুওহা। ৫৭ মিনিটে ব্যবধান বাড়ান সিলভিও সিলভিনহো। তবে ৬৯ মিনিটে ডেড্রিক বোয়েটা ব্যবধান কমিয়ে আনেন ২-৩ গোলে। ৮৪ মিনিটে রবিনহোর গোলে নিশ্চিত হয় ম্যান সিটির জয়।
এদিকে রোববার মালাগার বিপক্ষে একাই দুই গোল করে রিয়াল মাদ্রিদের জয় নিশ্চিত করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে গোল করার পরই মালাগার প্যাট্রিক এমটিলিগাকে কনুই দিয়ে আঘাত করায় লাল কার্ড পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন গতবারের বর্ষসেরা এ ফুটবলার।
এর জয়ের ফলে পয়েন্ট তালিকায় শীর্ষ দল বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়ে আনলো রিয়াল। ১৯ ম্যাচে বার্সার পয়েন্ট ৪৯। সমান ম্যাচে রিয়াল সংগ্রহ ৪৫। তৃতীয় স্থানে রয়েছে ভ্যালেন্সিয়া, দলটির পয়েন্ট ৩৯।
সিরি আ'তে এসি মিলানের বিপক্ষে ২-০ গোলে জিতেছে বর্তমান চ্যাম্পিয়ন ও নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলান।
বডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২২৪০ ঘ.
bdnews24