১৫ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম)--গত মৌসুমে হাল সিটির সঙ্গেই গোলশূন্য ড্র করেছিলো চেলসি। শনিবারও এবারের উদ্বোধনী ম্যাচে সেই হাল সিটির কাছেই প্রায় পয়েন্ট খোয়াতে বসেছিল তারা।
আইভরিয়ান স্ট্রাইকার দিদিয়ের দ্রগবা সেই ফাঁড়া কাটান।
ইংলিশ প্রিমিয়ার লিগের এ খেলার ৯০ মিনিট পর্যন্ত দেখে মনে হচ্ছিল বিপত্তিটা ঘটতেই যাচ্ছে।
ম্যাচের অতিরিক্ত সময়ে দ্রগবার গোলেই মান বাঁচে কোচ কার্লো আনচেলত্তির। প্রথমার্ধে পিছিয়ে পড়েও শেষে তারা ম্যাচ জেতে ২-১ গোলে।
খেলার শেষ দিকে হাল সিটির ওপর দিয়ে আক্রমণের ঝড় বইয়ে দিলেও গোলটা আদায় করতে পারছিলো না চেলসি। অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে ডি-বক্সের ভেতরে ডেকোর বাড়ানো বল জালে জড়ান দ্রগবা।
ম্যাচের শুরুতে অবশ্য এগিয়ে ছিল হাল সিটি। প্রথমার্ধের ২৮ মিনিটে তাদের আইরিশ মিডফিল্ডার স্টেফেন হান্ট দলকে এগিয়ে নেন। কিন্তু ৮ মিনিট পরই সমতায় ফেরে চেলসি। দ্রগবার পা থেকেই আসে সে গোলটিও।
বিডি নিউজ টোয়েন্টিফোর ডট কম/টিএ/এসএ/১২০৯ঘ.
bdnews24