ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বসুন্ধরা চ্যাম্পিয়নস ক্লাব কাপের চূড়ান্ত পর্বে উত্তরণ নিশ্চিত করেছে পাবনা ব্রাদার্স ইউনিয়ন। নিজেদের ভেন্যুর সব খেলা শেষ না হলেও ১২ পয়েন্ট নিয়ে প্রতিদ্বন্দ্বীদের ধরা-ছোঁয়ার বাইরে চলে গেছে তারা।
শুক্রবার রাজশাহী স্টেডিয়ামে পাবনা ব্রাদার্স ইউনিয়ন ২-০ গোলে নাটোরের সিংড়া উপজেলা দলকে হারিয়ে সর্বোচ্চ ১২ পয়েন্ট নিয়ে নিজেদের খেলা শেষ করেছে। বিজয়ী দলের দুটি গোলই সাগরের। এই ভেন্যুর বাকি চারটি দলের একটি করে ম্যাচ বাকি থাকলেও তাদের পক্ষে ব্রাদার্সকে ছোঁয়া সম্ভব নয়। অর্থাৎ এই জয় চূড়ান্ত পর্বে তুলে দিয়েছে ব্রাদার্সকে।
ওদিকে হবিগঞ্জ স্টেডিয়ামে নরসিংদীর জি.আর.সি স্পোর্টিং ক্লাব ইসমাইলের একমাত্র গোলে হবিগঞ্জের ইয়াং টাইগার নুরপুরকে হারিয়ে ভেন্যু চ্যাম্পিয়নের দৌড়ে অনেকখানি অগ্রগামী। চার ম্যাচের সব ক'টি জিতে ১২ পয়েন্ট নিয়ে তারা ভেন্যুর শীর্ষ দল। বাকি ম্যাচটি জিতলে অথবা তাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ইয়াং স্টার আর একটি ম্যাচ হারলে নরসিংদীর দলটির চূড়ান্ত পর্ব নিশ্চিত হয়ে যাবে।
শেরপুর স্টেডিয়ামে ইয়াংমেন্স ফকিরেরপুল ক্লাব ৩-০ গোলে ঘাগড়া স্পোর্টিং ক্লাবকে হারিয়ে ৯ পয়েন্ট নিয়ে ভেন্যু চ্যাম্পিয়নের দৌড়ে এগিয়ে আছে। শান্ত দুটি এব ইমন বাবু করেছেন অন্য গোলটি। গোপালগঞ্জ স্টেডিয়ামে সবুজ সেনা ক্লাব ৭-০ গোলে রাজবাড়ীর ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতিকে হারিয়েছে। নুরুল ইসলাম হ্যাটট্রিক করেছেন, এছাড়া শাহাদাত ও পালন একটি করে গোল করেছেন।
ফেনীতে নোয়াখালীর পূর্বানী তরুণ সংঘ ৩-০ গোলে লক্ষ্মীপুরের চৌরাস্তা ক্লাবকে হারিয়েছে। গোল করেছেন রনি, জুয়েল ও শ্যামল। মেহেরপুর স্টেডিয়ামে মাগুরার জননী সেবা সংঘ পলাশের একমাত্র গোলে হারিয়েছে ক্রিসেন্ট ক্লাবকে। টাঙ্গাইল স্টেডিয়ামে গাজীপুরের বিপ্লব সংঘ ২-১ গোলে মানিকগঞ্জের সোনালী অতীতকে হারিয়েছে। বিজয়ী দলের ফারুক ও রূপম গোল দুটি করেছেন।
এছাড়া নড়াইলে বাগেরহাটের উন্মোচন ক্লাব ও স্বাগতিক বিবিএস খেলোয়াড় কল্যাণ সমিতির ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/২০১২ঘ.
bdnews24