২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আটটি ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে জিতলেন সেরেনা

টুর্নামেন্ট শুরুর আগে মেয়েদের টেনিসের র‌্যাংকিং নিয়ে প্রশ্ন তুলেছিলেন সেরেনা উইলিয়ামস। দিনারা সাফিনার কাছে বিশ্বসেরার মুকুট হারিয়ে বিরক্ত এই আমেরিকান হুঙ্কার দিয়েছিলেন, র‌্যাংকিং যা-ই বলুক আসলে তিনিই বিশ্বসেরা। ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় দিনেও সেরেনার হুঙ্কারে কেঁপে উঠেছিল রোলাঁ গারো। কিন্তু সেটা একেবারেই অন্য রকম, চেক রিপাবলিকের ক্লারা জাকোপালোভার বিপক্ষে প্রথম রাউন্ডের ম্যাচ জিতেই যেন টুর্নামেন্ট জেতার উল্লাস প্রকাশ করেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2009, 09:08 AM

Updated : 26 Aug 2022, 11:31 AM

প্যারিস, ২৭ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টুর্নামেন্ট শুরুর আগে মেয়েদের টেনিসের র‌্যাংকিং নিয়ে প্রশ্ন তুলেছিলেন সেরেনা উইলিয়ামস। দিনারা সাফিনার কাছে বিশ্বসেরার মুকুট হারিয়ে বিরক্ত এই আমেরিকান হুঙ্কার দিয়েছিলেন, র‌্যাংকিং যা-ই বলুক আসলে তিনিই বিশ্বসেরা। ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় দিনেও সেরেনার হুঙ্কারে কেঁপে উঠেছিল রোলাঁ গারো। কিন্তু সেটা একেবারেই অন্য রকম, চেক রিপাবলিকের ক্লারা জাকোপালোভার বিপক্ষে প্রথম রাউন্ডের ম্যাচ জিতেই যেন টুর্নামেন্ট জেতার উল্লাস প্রকাশ করেছেন তিনি। করারই কথা অবশ্য, জিততে যে ঘাম ঝরেছে সাবেক এই ওয়ার্ল্ড নাম্বার ওয়ানের। আটটি ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে আড়াই ঘন্টার এই লড়াইয়ে শেষ পর্যন্ত ৬-৩, ৬-৭, ৬-৪ গেমে জিতেছেন তিনি। বৃষ্টি ভেজা এই দিনে জয় পেয়েছেন দুই সার্বিয়ান ইয়েলেনা ইয়াঙ্কোভিচ আর নোভাক দিউকোভিচ, দুই রাশিয়ান এলেনা দেমেন্তিয়েভা ও সভেৎলানা কুজনেতসভা আর দুই স্প্যানিয়ার্ড হুয়ান মার্টিন দেলপোর্তো ও হুয়ান কার্লোস ফেরেরোও। বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে মেয়েদের বিভাগের পঞ্চম বাছাই ইয়াঙ্কোভিচ ৬-২, ৬-৩ গেমে হারিয়েছেন চেক প্রজাতন্ত্রের পেত্রা সেতকোভস্কাকে, আর পুরুষ বিভাগের চতুর্থ বাছাই দিউকোভিচ জিতেছেন তার প্রতিদ্বন্দ্বী নিকোলাস ল্যাপেন্টির ইনজুরির সুবাদে। সরে দাঁড়ানোর আগে ল্যাপেন্টি অবশ্য পিছিয়েই ছিলেন, ৬-৩, ৩-১ গেমে এগিয়ে ছিলেন দিউকোভিচ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৪০৭ ঘ.