ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- আবারো ঝড়ের মুখে পড়েছিল ম্যাকাও। তবে প্রথম ম্যাচের মতো বেহাল অবস্থা হয়নি, ঝড় সামলে নিয় বড় পরাজয় এড়ানোটাই তাদের সাফল্য। তাদের ২-১ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে পয়েন্টের মুখ দেখেছে কম্বোডিয়া।
মঙ্গলবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে এ ম্যাচের শুরুতে কর্তৃত্ব নিয়ে নেয় কম্বোডিয়া। ১১ মিনিটের মাথায় চমৎকার এক গোল করে এগিয়ে যায় তারা। ডি-বক্সের মাথায় ভাতানাক ও বোরে ওয়ান-টু খেলে ম্যাকাওয়ের গোলমুখ খুলে ফেলেন। তারপর পোস্টে বল প্লেসিং করে দেওয়ার কাজটি সারেন ভাতানাক। ৬৬ মিনিটে দ্বিতীয় গোল করেছেন কিউ সোকগ্রোন। দুই গোলের মাঝে আরো বেশ কয়েকটি সুযোগ পেয়েও তারা নষ্ট করেছেন, তা কাজে লাগাতে পারলে হয়তো মিয়ামারের মতো বড় জয় পেতো।
সেটা হয়নি। উল্টো ব্যাবধান আরো ছোট হয়ে গেছে এক গোল খেয়ে বসায়। ৭৫ মিনিটে ম্যাকাওয়ের পক্ষে টুর্নামেন্টের প্রথম গোল করেছেন চই কেং সাং। দুই ম্যাচে পয়েন্টের মুখ না দেখা ম্যাকাওয়ের জন্য আপতত ওই গোলটিই সান্ত্বনা। আর বাংলাদেশের বিপক্ষে হেরে যাওয়া কম্বোডিয়ার সংগ্রহ দুই ম্যাচে ৩ পয়েন্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/১৮৩৫ঘ.
bdnews24