২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যালেঞ্জ কাপের আগে ইনজুরির চ্যালেঞ্জের মুখে এমিলি-রবিন

এএফসি চ্যালেঞ্জ কাপে বাংলাদেশের চ্যালেঞ্জকে খানিকটা শংকার মুখে ঠেলে দিয়েছেন এমিলি ও রবিন। আশংকা তাদের ইনজুরি নিয়ে, পুরোপুরি সেরে উঠে দুই স্ট্রাইকার লাল-সবুজ জার্সিতে স্বমহিমায় ফিরতে পারবেন কিনা সেটাই এখন বড় প্রশ্ন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2009, 03:36 PM

Updated : 26 Aug 2022, 11:17 AM

ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- এএফসি চ্যালেঞ্জ কাপে বাংলাদেশের চ্যালেঞ্জকে খানিকটা শংকার মুখে ঠেলে দিয়েছেন এমিলি ও রবিন। আশংকা তাদের ইনজুরি নিয়ে, পুরোপুরি সেরে উঠে দুই স্ট্রাইকার লাল-সবুজ জার্সিতে স্বমহিমায় ফিরতে পারবেন কিনা সেটাই এখন বড় প্রশ্ন। সুপার কাপে জাহিদ হাসান এমিলিকে গাড়ি উপহার দিয়ে নতুন তারকার আবাহন জানিয়েছে ফুটবল। কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে ইনজুরি। ২৮ মার্চ থেকে শুরু জাতীয় দলের ক্যাম্পে যোগ দিলেও তিনি প্র্যাকটিসের জন্য পুরোপুরি ফিট নন। চোটের সূত্রপাত সুপার কাপের ফাইনাল; ১০ মিনিটের মাথায় মোহামেডানের ডিফেন্ডার রজনীর সঙ্গে বল দখলের লড়াইয়ে গিয়ে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান আবাহনীর এই স্ট্রাইকার। তার জের টানতে হচ্ছে এখনো। তবে এমিলির গলায় আশাবাদের সুর, "এখন জিমে গিয়ে বেশি সময় কাটাচ্ছি, পুরোদমে প্র্যাকটিসে যোগ দিতে পারিনি। আশা করছি কয়েকদিনের মধ্যেই নতুন কোচের প্র্যাকটিসে ভালভাবে অংশ নিতে পারবো।" এখন আসলে এমিলিকে নিয়ে ব্রাজিলিয়ান কোচ এডসন ডিডোর কোনো কাজ নেই। ক্যাম্পে যাওয়ার পর থেকেই আছেন ফিজিও দলিলুর রহমানের তত্ত্বাবধানে। নতুন ফিজিও তাকে নিয়ে আশাবাদী, "এমিলি এখন প্রায় ৯০ শতাংশ সুস্থ। এখনো মাঠের প্র্যাকটিসের পুরো চাপ নেওয়ার মতো অবস্থায় আসেনি তার শরীর। আশাকরি আগামী রোববার থেকে সে পুরোদমে প্র্যাকটিস করতে পারবে।" কিন্তু রবিনের বেলায় ওরকম নিশ্চিত করে কিছু বলতে পারেননি এই ফিজিওথেরাপিস্ট। বি. লিগ শেষদিকে শুরু হয় তার ইনজুরি-সমস্যা, ধারবাহিকতা বজায় থাকে সুপার কাপেও। দৃশ্যত ইনজুরিটা পায়ের পাতায় মনে হলেও দলিলুর রহমান আবিস্কার করেছেন মোহামেডানের এই স্ট্রাইকারের উরুর মাংসপেশীতে সমস্যা, "কোনো কারনে তার বাঁ পায়ের মাংসপেশী দূর্বল হয়ে গেছে। তাছাড়া বাম হাঁটুর পুরনো ইনজুরিটাও নতুন করে দেখা যাচ্ছে। তাই এখন প্রতিদিন জিমে যাওয়া ছাড়া কোনো বিকল্প নেই।" ফেডারেশন কাপ ও বি. লিগের শুরুর দিকে দুর্দান্ত খেলা মোহামেডানের এই স্ট্রাইকারকে নিয়ে ফিজিও জোর দিয়ে কিছু বলতে পারছেন না। উত্তরার ইস্ট-ওয়েস্ট মেডিকেল কলেজের এই সহকারী অধ্যাপক বলেছেন, "কিছু বায়োমেকানিক অ্যানালাইসিসের পর রবিনের অবস্থা সমন্ধে নিশ্চিত করে বলা যাবে। তবে আমি আশাবাদী এএফসি চ্যালেঞ্জ কাপের আগেই সে সুস্থ হয়ে উঠবে।" এদিকে দরজায় কড়া নাড়ছে এএফসি চ্যালেঞ্জ কাপ। আগামী ২৬ এপ্রিল থেকে ঢাকায় অনুষ্ঠেয় বাছাইপর্বের প্রস্তুতির জন্য চার সপ্তাহ সময়কে অপ্রতুল মনে করছেন কোচ। এর মধ্যে আবার দলের মূল স্ট্রাইকার এমিলিকে পাবেন মাত্র দুই সপ্তাহের জন্য। আর রবিনের বিষয়টা এখনো অনিশ্চয়তার বৃত্তে। সুতরাং চ্যালেঞ্জ কাপের স্বপ্নে তো খানিকটা ধাক্কা লাগবেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১৪০ঘ.