লা পাজ, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গত শনিবার নিজেদের মাঠে পেয়ে ভেনেজুয়েলাকে উড়িয়েই দিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু সপ্তাহ পেরোনোর আগেই বিশ্বকাপ বাছাই পর্বের ফিরতে ম্যাচে আবার যখন তাদের মুখোমুখি হচ্ছেন লিওনেল মেসিরা, তখন সে রকম কিছুর পুনরাবৃত্তি আশা না করাই ভালো। কারণ, এবার ওই ম্যাচের মতো আক্রমণাত্মক কৌশলের কথা ভাবছেন না ডিয়েগো ম্যারাডোনা।
শনিবারের ওই ম্যাচে ৪-০ গোলে জয়ী ম্যারাডোনার দল খেলেছিল ৩-৪-৩ ফর্মেশনে - মেসি, সার্জিও অ্যাগুয়েরো আর কার্লোস তেভেজকে নিয়ে সাজানো হয়েছিল আক্রমণ। কিন্তু ফিরতি ম্যাচে তেমন কিছুর পরিকল্পনা না করার কারণ মূলত ম্যাচের পরিবেশ। এবার খেলাটা হবে সমূদ্র-পৃষ্ঠ থেকে সাড়ে তিন হাজার মিটার ওপরের শহর লা পাজে, সেখানে নিজেদের মাঠের মতো শক্তি ক্ষয় করা সম্ভব নয়। রোববার কাছাকাছি উচ্চতার শহর কিটোতে খেলতে গিয়ে ব্রাজিলের দুরবস্থা দেখেই সেটা অনুভব করা গেছে। আর্জেন্টিনার মিডফিল্ডার হুয়ান সেবাস্টিয়ান ভেরন তাই বলেই দিয়েছেন, "আমরা এই ম্যাচেও একই রকম খেলতে পারবো না, দলে এক ধরনের ভারসাম্য রাখতে হবে।"
আর্জেন্টিনাকে যে এই বিরূপ পরিবেশে খেলতে হচ্ছে, তার দায় খানিকটা ম্যারাডোনাকেও নিতে হবে। বছর দেড়েক আগে ফিফা লা পাজসহ সমূদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার মিটারের চেয়ে বেশি উচ্চতার শহরগুলোতে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন নিষিদ্ধ ঘোষণা করলে ম্যারাডোনা প্রকাশ্যে তার বিরোধিতা করেছিলেন। এমনকি এক পর্যায়ে এর প্রতিবাদে লা পাজে আয়োজিত এক প্রীতি ম্যাচও খেলেছিলেন তিনি। বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেসও খেলেছিলেন ওই ম্যাচে। প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত ফিফা ওই সিদ্ধান্ত বাতিল করতে বাধ্য হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৬১০ ঘ.
bdnews24