ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজেদের প্রথম ম্যাচে শেখ রাসেলকে হারিয়ে সুপার কাপের সেমিফাইনালের স্বপ্ন দেখতে শুরু করেছিল চট্টগ্রাম মোহামেডান। রোববার তারা ২-০ গোলে রহমতগঞ্জকে হারিয়ে ৩ খেলায় ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠে গেছে। আবাহনী শেখ রাসেল ম্যাচের ওপর নির্ভর করছে 'এ' গ্র"পের অন্য সেমিফাইনালিস্টের ভাগ্য। তবে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে বাল অবস্থায় আছে ঢাকা আবাহনী। আর শেখ রাসেলের সংগ্রহ ২ খেলায় মাত্র ৩ পয়েন্ট।
ম্যাচের শুরু থেকেই ছিল মোহামেডানের আধিপত্য। কিন্তু গোলের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিলেন রহমতগঞ্জের গোলরক্ষক মোহাম্মদ আলী। ৫ মিনিটে অ্যান্থনির দুরপাল্লার শট ঠেকানো দিয়ে তার শুরু। তারপর মোহামেডানের রাফায়েল ও কায়সারকেও প্রতিহত করেছেন। সেই প্রতিরোধ আর ধরে রাখতে পারেননি ৩৯ মিনিটে। আসলে মুহূর্তের মধ্যে এত ঘটনা ঘটেছে যে গোলরক্ষকের পক্ষে ঠিক থাকাও কঠিন।
প্রথমে চট্টগ্রাম মোহামেডানের অধিনায়ক কায়সারের হেড আলী পাঞ্চ করেছিলেন। ফিরতি বলটি ছোট জায়গায় অ্যান্থনি ও নাসিরের মাথা ঘুরে রাফায়েলের পায়ে পড়তেই গোলরক্ষকের অসহায় আত্মসমর্পন করা ছাড়া কোনো উপায় নেই।
দ্বিতীয়ার্ধে মোহামেডান গোলটি ধরে রাখতে চাইবে স্বাভাবিক। অন্যদিকে সেই গোল শোধ করতে মরিয়া হয়ে রহমতগঞ্জ আরেকটি গোল হজম করে। ৭৪ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে রাফায়েল ওয়ান টু ওয়ান সিচ্যুয়েশনে গোল করে দলের সেমিফাইলের রাস্তা অনেকখানি পরিস্কার করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/১৯১০ঘ.
bdnews24