ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ডাচ-বাংলা ব্যাংক প্রথম বিভাগ দাবা লিগে এবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ বিমান। রানার্স আপ হয়েছে তিতাস ক্লাব।
এবার নিয়ে প্রথম বিভাগে সর্বাধিক ১৪ বার চ্যাম্পিয়ন হলো বিমান। ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে শীর্ষে ছিল বিমান ও তিতাস। টাইব্রেকারে প্লেঅফ ম্যাচে বিমান ৬-২ পয়েন্ট তিতাসকে হারিয়ে শিরোপা জিতে নেয়।
দশম রাউন্ডে যুগ্মভাবে শীর্ষে থাকা আইটু সফট সলিউশন ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়। ১৪ পয়েন্ট নিয়ে তাদের পেছনে রয়েছে বসির মেমোরিয়াল।
শেষ রাউন্ডের খেলায় বিমান আইটু সফট এবং তিতাস ফরাশগঞ্জকে পরাজিত করে। দিনের অন্যান্য ম্যাচে জিতেছে মহাখালী প্রদীপ সংঘ ও বসির মেমোরিয়াল। মেট্রোপলিটন ও জবস ভান্ডারের ম্যাচটি ড্র হয়।
আসরের বোর্ড পুরস্কার বিজয়ীরা হলেন গ্রান্ড মাস্টার জিয়াউর রহমান, গ্রান্ড মাস্টার নিয়াজ মোর্শেদ, আন্তর্জাতিক মাস্টার সপ্তর্ষি রায় ও শফিক আহমেদ। অতিরিক্ত বোর্ড বিজয়ীরা হলেন জামালউদ্দিন ও মাসুদা বেগম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/২৩১৪ ঘ.
bdnews24