লন্ডন, ১৭ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংলিশ প্রিমিয়ার লিগের বড় দলগুলোর জন্য বুধবারের রাতটা এক মিশ্র অনুভূতির হয়ে রইলো। 'বিগফোর'-এর তিন দল মাঠে নেমেছিল - চেলসি ও লিভারপুল জয় পেলেও ড্র করেছে আর্সেনাল। এই মৌসুমের নতুন উত্থান ম্যানচেস্টার সিটি হেরে গেছে টটেনহাম হটস্পারের কাছে।
পোটর্সমাউথকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে পৌছে গেছে চেলসি। নিকোলাস আনেলকার ২৩ মিনিটের গোলে এগিয়ে গিয়েছিল ব্লুজরা। এই গোল করে ক্লাবের পক্ষে নিজের ১০০তম ম্যাচটি স্মরণীয় করে রাখলেন এই ফরাসী। কিন্তু উদ্দীপ্ত পোর্টসমাউথ দল বিরতির ৬ মিনিট পরেই ফ্রেডেরিক পিকিউনির গোলে খেলায় ফিরে আসে। ৭৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে চেলসির জয় নিশ্চিত করেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। ল্যাম্পার্ডের জন্যেও এটি এক অনন্য অর্জন। চেলসির হয়ে ক্যারিয়ারের ৩০০তম ম্যাচটি খেলতে নেমে গোল পেয়েছেন তিনি।
অন্যদিকে লিগের ১৭তম ম্যাচে এসে অষ্টম জয়ের দেখা পেয়েছে লিভারপুল। উইগ্যান অ্যাথলেটিককে ২-১ গোলে হারিয়েছে তারা। ডেভিড নোগ ও ফার্নান্দ তোরেসের কল্যাণে গোল দুটি পেয়েছে অলরেডরা। খেলার অন্তিম মুহূর্তে উইগ্যানের পক্ষে স্বান্ত্বনাসূচক গোল করেন চালর্স এনজোগবিয়া।
আর্সেনালের জন্য বুধবারের রাত ছিল হতাশার। আগের ম্যাচেই লিভারপুলের বিপক্ষে ২-১ গোলের জয়ের স্মৃতি নিয়ে বার্নলির মাঠে নেমেছিল গানার্সরা। শুরুটাও করেছিল ভালো। সেস ফ্যাব্রিগাসের ৭ মিনিটের দুর্দান্ত ফিনিশিংয়ে এগিয়ে গিয়েছিল তারা। ২৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বার্নলিকে খেলায় ফিরিয়ে নিয়ে আসেন গ্রাহাম অ্যালেকজান্ডার। খেলার শেষ পর্যন্ত শত চেষ্টা করেও আর গোল পায়নি আর্সেন ওয়েঙ্গারের দল। সংবাদ সম্মেলনে মনের ক্ষোভ চাপা রাখেন না এই কোচ, ' আমি খুবই হতাশ। শিরোপার লড়াইয়ে আমরা আবারও পিছিয়ে গেলাম।' ৩২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে আছে আর্সেনাল।
আরেক ম্যাচে ম্যানচেস্টার সিটিকে কাঁদিয়ে ছেড়ে তিন পয়েন্ট আদায় করে নিয়েছে টটেনহাম হটস্পার। সিটির জালে তিন বার বল জড়িয়েছে তারা। ক্রোয়েশিয়ান নিকো ক্রানজার দুবার লক্ষ্যভেদ করেছেন, অপর গোলটি জারমেইন ডিফোর। লিগে এই নিয়ে ১৩টি গোল করলেন এই ইংরেজ স্ট্রাইকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/১২৫১ ঘ.
bdnews24