ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সামর্থের পুরোটা দিয়েও পরাজয় এড়াতে পারেনি বাংলাদেশ। প্রীতি ম্যাচে কোরিয়ার উলসান হুন্দাই ক্লাবের কাছে হেরে গেছে ৩-১ গোলে। তবে ফলাফল যা-ই হোক সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি ভালো হয়েছে বলেই মনে করেন বাংলাদেশের কোচ শহীদুর রাহমান শান্টু। তার মতে, এ ম্যাচের ধারাবাহিকতা থাকলেই সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালের লক্ষ্য স্থির করে টুর্নামেন্ট শুরু করতে পারবে তার দল।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে দু গোলে পিছিয়ে পড়ে ব্যবধান কমিয়ে আনে বাংলাদেশ। তবে ম্যাচের শুরুর দিকে হুন্দাইর একচেটিয়া আক্রমনে কোণঠাসা হয়ে পড়েছিল স্বাগতিকরা। ১৪ মিনিটে প্রথম আর ২৩ মিনিটে দ্বিতীয় গোল হজম করে বাংলাদেশ। ফ্রি কিক থেকে ব্যাক ভলিতে প্রথম গোল করেন কিম সং মিন। দ্বিতীয় গোলের উৎসও ফ্রি কিক। গোল করেন লি জিন হো। এরপর ২৫ মিনিটে ব্যবধান কমান জাহিদ হোসেন এমিলি। এনামুলের ক্রস ছোট বক্সে পেয়ে বল জালে ঠেলে দেন তিনি।
প্রথমার্ধ শেষ হয় ২-১ গোলে। দ্বিতীয়ার্ধে সমতা ফেরানোর সুযোগও এসেছিল। সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হওয়ায় উল্টো আরেক গোল আদায় করে নেয় হুন্দাই।
খেলা শেষে তারপরও কোচ শান্টুর কন্ঠে মিলেছে তৃপ্তির আভাস, বললেন, "দলের পারফর্ম্যান্সে আমি খুশি। এশিয়ার অন্যতম সেরা ক্লাব দলের কাছে এই ফলাফল ভালোই বলতে হবে। তাছাড়া আগের দু ম্যাচের তুলনায় হুন্দাইয়ের বিপক্ষে দলের সমন্বয়ও ভালো ছিল।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২১৫৫ ঘ.
bdnews24